১
বাংলাদেশ আজ এক ঐতিহাসিক ও প্রযুক্তিনির্ভর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৬ সালের শুরুতে আমাদের প্রাক্কলিত জনসংখ্যা ১৭ কোটি ৬০ লাখ, যার মধ্যে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন। এই বিশাল ভোটারের প্রায় ৩৪ শতাংশ রাজধানী ও বিভাগীয় শহরসহ বিভিন্ন নগর এলাকায় বসবাস করলেও, সিংহভাগ অর্থাৎ প্রায় ৬৬ শতাংশ ভোটারই গ্রাম ও মফস্বল পর্যায়ের। এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশই তরুণ ও প্রযুক্তিনির্ভর, যারা তথ্যের জন্য প্রথাগত মাধ্যমের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভরশীল। একইসাথে বিদেশে কর্মরত প্রায় ১ কোটি ৬০ লাখ বাংলাদেশির মধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার এবার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন। কিন্তু ‘স্মার্ট বাংলাদেশ’-এর ডিজিটাল আশীর্বাদই এখন যেন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে ‘ডিপ ফেক’ ও ‘চিপ ফেক’ ভিডিও বা অডিওর মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এই প্রযুক্তিগুলো আমাদের অজান্তেই জনমতকে প্রভাবিত করে গণতন্ত্রের মূল ভিত্তি নাড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে শহর থেকে দূরে থাকা প্রান্তিক গ্রাম্য জনগোষ্ঠী এবং প্রবাসী ভোটাররা—যাদের কাছে তাৎক্ষণিক তথ্য যাচাইয়ের সুযোগ কম—তারা এই আধুনিক ডিজিটাল ষড়যন্ত্রের সহজ শিকারে পরিণত হতে পারেন। তাই আসন্ন নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এই অপতথ্য মোকাবিলা করা এখন সময়ের দাবি। সচেতনতা ও সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমেই কেবল এই প্রযুক্তিগত ঝুঁকি থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা সম্ভব।
২
ডিজিটাল বিপ্লব বনাম তথ্যের নিরাপত্তা: একটি অসম লড়াই।
বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ কোটি ৫২ লাখ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন, যাদের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৩০ লাখ থেকে ১০ কোটির মধ্যে। এই বিশাল ডিজিটাল পদচারণা ও স্মার্টফোনের সহজলভ্যতা তথ্যের প্রবাহকে যেমন গতিশীল করেছে, তেমনি তথ্যের নিরাপত্তাকে ঠেলে দিয়েছে এক চরম ঝুঁকির মুখে। বিশেষ করে দেশের মোট ভোটারের বিশাল একটি অংশ যখন শহর ছাপিয়ে গ্রাম ও মফস্বল পর্যায়ে বিস্তৃত, তখন এই ডিজিটাল বিপ্লব হয়ে দাঁড়িয়েছে এক অসম লড়াইয়ের ময়দান।
ক। শহর ও গ্রামের ভোটার বিন্যাস ও আস্থার সংকট।
২০২২ সালের জনশুমারি এবং বর্তমান ভোটার ডাটাবেজ বিশ্লেষণ করলে দেখা যায় যে, বাংলাদেশের মোট ভোটারের একটি বড় অংশ এখনও গ্রামীণ জনপদে বসবাস করেন। পরিসংখ্যান অনুযায়ী ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ বা ৮ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৮২১ জনই গ্রাম ও মফস্বল এলাকার বাসিন্দা। অন্যদিকে রাজধানী ও সিটি কর্পোরেশনসহ শহরাঞ্চলে ভোটারের সংখ্যা প্রায় ৩৪ শতাংশ বা ৪ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৩৬২ জন। গত দেড় দশকে নিয়ন্ত্রিত মূলধারার মিডিয়ার কারণে তথ্যের বিশ্বাসযোগ্যতায় যে বড় ধরণের ফাটল ধরেছে, তা এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশকে ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো বিকল্প মিডিয়ার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের ৫৩টি সংসদীয় আসনসহ বিভাগীয় শহরগুলোর ১২-১৫ শতাংশ ভোটার যতটা না মূলধারার খবর দেখেন, তার চেয়ে ইউনিয়ন পর্যায়ের ৬৫ শতাংশেরও বেশি ভোটার এখন তথ্যের জন্য স্থানীয় চায়ের দোকান বা আড্ডার চেয়ে স্মার্টফোনের ওপর বেশি নির্ভরশীল। তথ্যের এই অনিয়ন্ত্রিত ‘বিকল্প উৎস’ই এখন অপপ্রচারকারীদের জন্য এক উর্বর ভূমিতে পরিণত হয়েছে, যেখানে যাচাই-বাছাই ছাড়াই যে কোনো সংবেদনশীল তথ্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
খ। প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি ও জনমতের ওপর প্রভাব।
মফস্বল পর্যায়ের একজন সাধারণ ভোটার যখন তার স্মার্টফোনের স্ক্রিনে কোনো প্রিয় বা অপ্রিয় নেতার বিতর্কিত কোনো ভিডিও দেখেন, তখন তার পক্ষে তথ্যের সত্যতা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। উপজেলা পর্যায়ের পৌরসভা ও ছোট শহরগুলোতে ১৮-২০ শতাংশ ভোটার বাস করলেও প্রকৃত গ্রামীণ জনপদে বাস করেন দেশের সিংহভাগ ভোটার। এই বিশাল জনগোষ্ঠীর কাছে ডিজিটাল লিটারেসি বা ফরেনসিক সরঞ্জামের অভাব থাকায় তারা চটুল বা আবেগপূর্ণ ফেক নিউজকে দ্রুত বিশ্বাসযোগ্য বলে ধরে নেন। শহরের তুলনায় গ্রামে ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের হার অত্যন্ত কম হওয়ায় এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো ‘ডিপ ফেক’ বা ‘চিপ ফেক’ ভিডিওগুলো সেখানে খুব দ্রুত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। ১২ কোটি ৭৬ লাখ ভোটারের এই বিশাল বহরে গ্রামের এই ভোটাররাই মূলত নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন।
৩
ডিপ ফেক ও চিপ ফেক: নির্বাচনের নতুন অস্ত্র।
আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্বাচনি লড়াইয়ের চিরাচরিত রূপ বদলে দিয়েছে। এখন আর কেবল মাঠের বক্তৃতা বা পোস্টার দিয়ে জনমত গঠিত হয় না; বরং স্মার্টফোনের স্ক্রিনে ভেসে আসা ডিজিটাল কন্টেন্টই নির্ধারণ করে দেয় কে বিজয়ী হবে। আসন্ন নির্বাচনে জনমতকে বিভ্রান্ত করতে এবং ভোটারদের মানসিকতাকে প্রভাবিত করতে ‘ডিপ ফেক’ ও ‘চিপ ফেক’ নামে দুটি যান্ত্রিক কারসাজি সবচেয়ে বড় প্রযুক্তিগত হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।
ক। ডিপ ফেক: যখন কৃত্রিমতাই আসল মনে হয়।
ডিপ ফেক (Deep Fake) হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক জটিল রূপ, যেখানে মানুষের চেহারা এবং কণ্ঠস্বরকে অবিকল নকল করা হয়। উচ্চশক্তির এআই অ্যালগরিদম ব্যবহার করে একজন রাজনৈতিক নেতার চেহারার ওপর অন্য কারো মুখ নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়, ফলে তিনি যা বলেননি তাও তার মুখ দিয়ে বলানো সম্ভব। আসন্ন নির্বাচনের ঠিক আগের রাতে, যখন প্রচার-প্রচারণা বন্ধ তখন যদি কোনো প্রার্থীর কণ্ঠ বা চেহারা নকল করে দাঙ্গা বাঁধানোর ডাক কিংবা ভোট বর্জনের একটি অডিও-ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয় তবে তার প্রভাব হবে অপূরণীয়। এই প্রযুক্তিতে চোখের পলক বা ঠোঁটের নাড়াচাড়া এতই সূক্ষ্ম হয় যে, মফস্বল বা গ্রামের সাধারণ ভোটারদের পক্ষে এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে একটি ফেক ভিডিও মুহূর্তের মধ্যে কোটি মানুষের আবেগ নিয়ে খেলতে পারে এবং চূড়ান্ত মুহূর্তে নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়ে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
খ। চিপ ফেক: সহজ কৌশলে বিশাল বিভ্রান্তি।
ডিপ ফেকের তুলনায় ‘চিপ ফেক’ (Cheap Fake) তৈরি করা অনেক বেশি সহজ ও সস্তা হলেও এর প্রভাব কোনো অংশেই কম নয়। এই পদ্ধতিতে এআই-এর উচ্চতর কারিগরি ব্যবহার না করে সাধারণ ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কোনো পুরনো ভিডিওর গতি কমিয়ে বা বাড়িয়ে অপ্রাসঙ্গিক প্রেক্ষাপটে নতুন করে উপস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ, কোনো নেতার স্বাভাবিক বক্তৃতাকে স্লো-মোশন করে দিয়ে তাকে ‘মাতাল’ বা ‘অসুস্থ’ হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা হতে পারে। চিপ ফেক শনাক্ত করা অনেক সময় ডিপ ফেকের চেয়েও কঠিন হয়ে পড়ে, কারণ এর মূলে বাস্তব কোনো ঘটনার অস্তিত্ব থাকে। যেহেতু ভিডিওটি বাস্তব, তাই সাধারণ মানুষ খুব সহজেই বিশ্বাস করে ফেলে যে ঘটনাটি সত্য। মফস্বলের ৮ কোটি ৪২ লাখ ভোটারের একটি বড় অংশ যখন ইন্টারনেটে এই ধরণের ডক্টরেট করা ক্লিপগুলো দেখে, তখন তারা প্রেক্ষাপট যাচাই না করেই একে ধ্রুব সত্য বলে গ্রহণ করে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরণের ক্ষুদ্র কিন্তু বিধ্বংসী কারসাজিগুলোই জনমনে ঘৃণা বা বিভ্রান্তি ছড়িয়ে পুরো দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার সক্ষমতা রাখে।
৪
ফরেনসিক সক্ষমতার সংকট ও চ্যালেঞ্জ।
বর্তমানে দেশে ‘রিউমার স্ক্যানার’ বা ‘বিডি ফ্যাক্ট চেক’-এর মতো কিছু বেসরকারি প্রতিষ্ঠান প্রশংসনীয় কাজ করছে, তবে ১২ কোটি ৭৬ লাখ ভোটারের এই বিশাল দেশে প্রতিদিনের হাজার হাজার গুজব যাচাইয়ে তাদের জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা অত্যন্ত নগণ্য। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিআইডি ও অন্যান্য সংস্থা তাদের ফরেনসিক ল্যাব আধুনিকায়নের রোডম্যাপ তৈরি করলেও, মাঠ পর্যায়ে এখনও বিশেষজ্ঞ সংকটের কারণে একটি গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর তা বৈজ্ঞানিকভাবে মিথ্যা প্রমাণ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিশেষ করে এআই-নির্ভর হাই-টেক ডিপ ফেক শনাক্ত করার জন্য যে ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার ও অ্যালগরিদম প্রয়োজন তা আমাদের জাতীয় পর্যায়ে এখনও পর্যাপ্ত নয়। এরফলে একটি ভুয়া ভিডিও বা অডিও ক্লিপ যখন কয়েক মিনিটের মধ্যে কোটি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়, তখন তথাকথিত ‘ফ্যাক্ট-চেক’ প্রতিবেদন আসার আগেই সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়ে যায়।
৫
অপতথ্য মোকাবিলায় আমাদের করণীয়।
ডিজিটাল ষড়যন্ত্র রুখতে কেবল সরকার নয়, নাগরিক সমাজ ও ব্যক্তিগত পর্যায় থেকেও সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। যখন প্রযুক্তির অপব্যবহার গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন রাষ্ট্রীয় আইন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তৃণমূলের সচেতনতাই হতে পারে রক্ষাকবচ।
ক। প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত পদক্ষেপ।
আসন্ন নির্বাচনকে ঘিরে ডিজিটাল ষড়যন্ত্র রুখতে কেবল সাধারণ সতর্কতা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ের শক্তিশালী কারিগরি কাঠামো এবং আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলোর সাথে নিবিড় সমন্বয়।
(১) কেন্দ্রীয় ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সার্বক্ষণিক মনিটরিং: বর্তমানে একটি তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এই গতির সাথে পাল্লা দিতে জরুরি ভিত্তিতে একটি ‘রাষ্ট্রীয় ডিজিটাল ফরেনসিক সেল’ বা কেন্দ্রীয় ল্যাব গঠন করা অপরিহার্য। এর মূল কাজ হবে উন্নত এআই অ্যালগরিদম ব্যবহার করে কৃত্রিম ভিডিও (Deepfake) শনাক্ত করা এবং কয়েক মিনিটের মধ্যে সেটির ফরেনসিক রিপোর্ট তৈরি করা। যখনই কোনো সন্দেহজনক বা উসকানিমূলক ভিডিও ভাইরাল হবে, এই সেল থেকে তাৎক্ষণিক সরকারি বিবৃতি ও ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করতে হবে, যেন বিভ্রান্তি ছড়ানোর আগেই সাধারণ মানুষ সত্যটি জানতে পারে। দেশের নিরাপত্তা সংস্থা ও আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই ল্যাবটিকে হতে হবে অপপ্রচারের বিরুদ্ধে রাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা ব্যূহ।
(২) প্ল্যাটফর্ম মডারেশন ও আন্তর্জাতিক সমন্বয়: বাংলাদেশের ১২.৭৬ কোটি ভোটারের একটি বিশাল অংশ ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো গ্লোবাল প্ল্যাটফর্মে সক্রিয়। তাই নির্বাচন কমিশনের উচিত মেটা, গুগল ও বাইটড্যান্স-এর মতো সংস্থাগুলোর সাথে বিশেষ কৌশলগত চুক্তি সম্পাদন করা। যার আওতায় নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংবেদনশীল অপতথ্য বা উসকানিমূলক ‘ডিপ ফেক’ ভিডিওগুলো রিপোর্ট করার সাথে সাথে যেন স্বয়ংক্রিয়ভাবে বা দ্রুততম সময়ে সরিয়ে ফেলা বা Takedown করা হয় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া এসব প্ল্যাটফর্মের অ্যালগরিদম যেন ভুয়া নিউজ ফিডকে প্রোমোট না করে, সে বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করতে হবে। নির্বাচনের সময় একটি বিশেষ ‘হটলাইন’ চালু রাখা যেতে পারে, যার মাধ্যমে সরাসরি সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ক্ষতিকর কন্টেন্ট ব্লক করা সম্ভব হবে।
(৩) টেলকো সতর্কতা ও স্মার্ট নোটিফিকেশন: বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন এবং অধিকাংশেরই মোবাইল সিম রয়েছে। এই বিশাল নেটওয়ার্ককে সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। মোবাইল অপারেটরদের মাধ্যমে নিয়মিত বিরতিতে সচেতনতামূলক এসএমএস পাঠাতে হবে। বিশেষ করে কোনো নির্দিষ্ট এলাকায় গুজব ছড়ানোর খবর পাওয়া গেলে, সেই অঞ্চলের টাওয়ারের অধীনে থাকা গ্রাহকদের ফোনে সাথে সাথে ‘অ্যালার্ট পপ-আপ’ বা সতর্কবার্তা পাঠানো যেতে পারে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করার সময় ব্রাউজারে বা অ্যাপে ইন্টারস্টিশিয়াল পপ-আপের মাধ্যমে “তথ্য যাচাই না করে শেয়ার করবেন না” বা “গুজব রুখুন” জাতীয় বার্তা প্রদর্শন করে ১০ কোটি গ্রাহককে একটি ডিজিটাল নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসতে হবে।
খ। সামাজিক ও কমিউনিটি ভিত্তিক প্রতিরোধ।
প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে ডিজিটাল মাধ্যমকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মানুষের মনস্তাত্ত্বিক বিশ্বাস ও সামাজিক অস্থিরতা রুখতে প্রয়োজন সরাসরি সামাজিক প্রতিরোধ। বিশেষ করে বাংলাদেশের ৮ কোটি ৪২ লাখ গ্রামীণ ভোটারের জন্য তৃণমূল পর্যায়ের সচেতনতাই হবে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা।
(১) কমিউনিটি বেজড ভেরিফিকেশন: গ্রাম বা মফস্বল এলাকায় তথ্যের প্রধান কেন্দ্র হলো স্থানীয় চায়ের দোকান, বাজার কিংবা ধর্মীয় উপাসনালয় যেখানে মৌখিক আলোচনার মাধ্যমে তথ্য দ্রুত ডালপালা মেলে। এই কেন্দ্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বা গুজব ছড়ানো ঠেকাতে স্থানীয় শিক্ষিত তরুণ সমাজ, স্কুল-কলেজের শিক্ষক এবং ইমাম ও পুরোহিতদের সমন্বয়ে ছোট ছোট ‘তথ্য যাচাই গ্রুপ’ বা ‘কমিউনিটি ডিজিটাল ভলান্টিয়ার’ তৈরি করা এখন সময়ের দাবি। পাড়া-মহল্লায় যখনই কোনো বিতর্কিত ভিডিও বা অডিও ক্লিপ ভাইরাল হবে, এই গ্রুপগুলো দ্রুত তার উৎস ও সত্যতা যাচাই করে স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ, মাইকিং কিংবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্যটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। এর পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে কেবল সরকারি সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেগুলোকে ‘তথ্য যাচাই কেন্দ্রে’ রূপান্তর করতে হবে, যেখানে সাধারণ ভোটাররা সন্দেহজনক কোনো ছবি বা ভিডিও নিয়ে গেলে সেটির সত্যতা নিশ্চিত হতে পারেন।
(২) মূলধারার গণমাধ্যমের ‘ফ্যাক্ট-চেক ইউনিট’ ও আস্থার পুনরুদ্ধার: গত দেড় দশকে মূলধারার গণমাধ্যমের ওপর থেকে সাধারণ মানুষের যে আস্থার সংকট বা বিমুখতা তৈরি হয়েছে, তা দূর করতে সংবাদমাধ্যমগুলোকে এখন তথ্যের নির্ভুলতার চূড়ান্ত গ্যারান্টি দিতে হবে। বর্তমানে প্রতিটি টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল এবং সংবাদপত্রে একটি স্বতন্ত্র ও শক্তিশালী ‘ফ্যাক্ট-চেকিং ডেস্ক’ থাকা কেবল পেশাগত নৈতিকতাই নয়, বরং এটি আইনিভাবেও বাধ্যতামূলক করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় কোনো উসকানিমূলক খবর বা ভিডিও ভাইরাল হলে সংবাদমাধ্যমগুলো হাত গুটিয়ে বসে না থেকে তাদের বিশেষায়িত ফ্যাক্ট-চেক ইউনিটকে সেসব ভিডিওর ‘ফ্রেম-বাই-ফ্রেম’ বিশ্লেষণ করে যান্ত্রিক কারসাজিগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে। প্রতিটি নিয়মিত সংবাদ বুলেটিনে একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে যেখানে কেবল গত ২৪ ঘণ্টায় ছড়িয়ে পড়া শীর্ষ গুজবগুলোর ব্যবচ্ছেদ বা ‘পোস্টমর্টেম’ করা হবে। যখন সাধারণ ভোটাররা দেখবেন যে বড় বড় টিভি চ্যানেল ও প্রতিষ্ঠিত সংবাদপত্রগুলো বৈজ্ঞানিক ও কারিগরি প্রমাণের ভিত্তিতে কোনো ভাইরাল ভিডিওকে ‘ভুয়া’ বলে প্রমাণ দিচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ার সেই প্রোপাগান্ডা মুহূর্তেই তার শক্তি হারাবে। গণমাধ্যমের এই সাহসী ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানই হবে সাধারণ ভোটারের জন্য আস্থার শেষ আশ্রয়স্থল এবং ডিজিটাল ষড়যন্ত্র মোকাবিলায় এক অজেয় হাতিয়ার।
গ। জনসচেতনতা ও ডিজিটাল লিটারেসি: ব্যক্তিগত প্রতিরোধের শক্তি।
ডিজিটাল যুগে অপতথ্য মোকাবিলায় প্রযুক্তিগত প্রতিরোধের চেয়েও বড় হাতিয়ার হলো ব্যক্তির নিজস্ব সচেতনতা ও ডিজিটাল লিটারেসি। “শেয়ার করার আগে যাচাই করুন”—এই নীতিটিকে কেবল একটি জনপ্রিয় স্লোগান হিসেবে সীমাবদ্ধ না রেখে প্রতিটি ভোটারের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। মফস্বল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রতিটি নাগরিককে সচেতন করতে হবে যেন তারা সোশ্যাল মিডিয়ায় কোনো চাঞ্চল্যকর ভিডিও দেখলেই আবেগপ্রবণ না হয়ে সেটির কারিগরি খুঁতগুলো লক্ষ্য করেন। বিশেষ করে এআই-নির্ভর ডিপ ফেক ভিডিওগুলোতে ঠোঁটের নাড়াচাড়ার সাথে শব্দের অসামঞ্জস্যতা, চোখের পলক না পড়া কিংবা গলার স্বরের যান্ত্রিক অস্বাভাবিকতা দেখে কৃত্রিমতা শনাক্ত করার প্রাথমিক পাঠ সাধারণ মানুষকে দিতে হবে। এই সচেতনতা তৈরির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। ১২ কোটি ৭৬ লাখ ভোটারের এই বিশাল জনপদে প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী যদি তথ্য শেয়ার করার আগে অন্তত ৩০ সেকেন্ড সময় নিয়ে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে কোনো শক্তিশালী এআই প্রযুক্তিই আমাদের গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। মূলত নাগরিকের সচেতন চোখই হতে পারে ডিজিটাল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শেষ এবং সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যূহ।
৬
তথ্য প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতা যেমন আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে, তেমনি ‘ডিপ ফেক’ বা ‘চিপ ফেক’-এর মতো অপপ্রয়োগের মাধ্যমে এটি আমাদের গণতান্ত্রিক স্থিতিশীলতার সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। ১২ কোটি ৭৬ লাখ ভোটারের এই বিশাল দেশে যেখানে জনমতের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, সেখানে তথ্যের সত্যতা নিশ্চিত করা কেবল প্রশাসনের কাজ নয় বরং এটি একটি জাতীয় সামাজিক দায়িত্বে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি রুখতে একদিকে যেমন রাষ্ট্রীয় পর্যায়ে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সাথে শক্তিশালী সমন্বয় প্রয়োজন, তেমনি তৃণমূল পর্যায়ে গড়ে তুলতে হবে সচেতনতার এক অভেদ্য দুর্গ। গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত প্রতিটি ভোটারের কাছে যদি ‘শেয়ার করার আগে যাচাই’ করার মানসিকতা পৌঁছে দেওয়া যায় এবং মূলধারার গণমাধ্যম যদি তথ্যের বিশ্বস্ত পাহারাদার হিসেবে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, তবে কোনো যান্ত্রিক ষড়যন্ত্রই আমাদের জনমতকে কলুষিত করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে স্মার্টফোনের স্ক্রিনে ভেসে আসা একটি বিকৃত ভিডিও যেন কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুল পথে পরিচালিত করতে না পারে। প্রযুক্তিগত সতর্কতা এবং নাগরিক সচেতনতার সম্মিলিত শক্তির মাধ্যমেই আমরা ২০২৬ সালের নির্বাচনে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। প্রযুক্তির এই অদৃশ্য যুদ্ধে যন্ত্রের কারসাজিকে পরাজিত করতে মানুষের বিবেক ও সচেতন চোখই হবে আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ।
পোস্ট ভিউঃ 30