পাভেলের নানাবাড়ি: পার্ট-১

উপন্যাস পাভেলের নানাবাড়ি
পাভেলের নানাবাড়ি: পার্ট-১

পাভেল......পাভেল......পাভেল। সমস্বরে অনেকের চীৎকার শোনা যায়। কিন্তু পাভেল তাদের চীৎকারে কান দেয়না, সে ছুটে চলে হরিণের বেগে। আসলে পাভেল এইমাত্র যে দুষ্টামিটা করল সেটা ইতিহাস ঘাঁটলেও আর কেউ কখনো করেছে এমনটি বোধহয় শোনা যাবে না। আজ সকাল হতে না হতেই মুক্তা খালার মা অর্থাৎ সফুরা বেগম পাভেলের মা’কে ছেলের বিরুদ্ধে একগাদা নালিশ করে গেছেন। সফুরা বেগম আত্মীয়তার সূত্রে পাভেলের মা’য়ের ফুফু অর্থাৎ পাভেলের দূরসম্পর্কের নানী হন। পাভেলের নানাজান জামিল সাহেব আর মুক্তা খালাদের পরিবার ১৯৪৭ সালের আগে আসামের কুচবিহারে একই গ্রামে থাকত। দেশভাগের সময়ে জামিল সাহেব অন্যান্য আরও অনেক পরিবারের মত এপার বাংলায় মাইগ্রেট করার সিদ্ধান্ত নিলে মুক্তা খালার বাবা অর্থাৎ লতিফ সাহেবও তার সঙ্গে এই ছায়া সুনিবিড় গ্রাম রায়গঞ্জে এসে থিতু হন। গ্রামটা আসলেই একটা সবুজ ক্যানভাসের মত। এই গ্রামের প্রায় প্রতিটা বাড়িই আলো করে আছে আম-জাম-কাঠালের দীর্ঘ সারি। আর গ্রামের পথের ধারে যেখানে এমনিতে কিছুই জন্মেনা সেখানেও উদার প্রকৃতি সযত্নে লাগিয়ে রেখেছে ভাটফুল-শেয়ালকাঁটা-হাতিশুঁড় কিংবা শ্বেতদ্রোণের ঝাড়। এই গ্রামের কৃষকের দিগন্তছোঁয়া ফসলের মাঠে কিছুদূর পরপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সোনারঙের ফুল বুকে নিয়ে সবুজ কালকেসুন্দার ঝাড়।তাদের ডালে সারাক্ষণ দোল খায় ঘন কালো ফিঙ্গে কিংবা ছটফটে রঙিন বুলবুলি। এই গ্রামের শিশুদের কাকডাকা ভোরে ঘুম ভাঙ্গে পাখীদের বিচিত্র কলকাকলিতে। দুপুরে তারা ঘুঘুর উদাস সুরে তম্ময় হয়ে দুধ মাখা ভাত খায় আর সন্ধ্যায় কিছু  খেতে না চাইলে কলাগাছের ঝারে বসে থাকা হুতুম প্যাঁচার হুম হুম ডাক শুনিয়ে তাদের ভয় দেখান হয়।গ্রীষ্মের রাতে শুতে যাবার আগে শিশুরা হাতপাখার বাতাস খেতে খেতে দাদী-নানীর কাছে রূপকথার গল্প শোনে। সব মিলিয়ে একদম ছবির মত সুন্দর একটা গ্রাম হল রায়গঞ্জ।

দেশের একদম উত্তর-পশ্চিমের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় ফুলকুমার নদীর পাড় ঘেঁষে এই গ্রামটি গড়ে উঠেছে।নদীর ওপর এখন যে ব্রীজটা আছে সেটা কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে বানানো হয়েছে। ব্রীজের নাম শহীদ লেঃ সামাদ ব্রীজ। মুক্তিযুদ্ধের সময়ে ব্রীজের গোড়ায় তুমুল এক যুদ্ধে লেঃ সামাদ সঙ্গী আরও তিন মুক্তিযোদ্ধাসহ পাক সেনাদের নির্মম গুলিতে শহীদ হন। জেলা বোর্ডের আধা পাকা রাস্তাটা ব্রীজের ওপর দিয়ে উত্তরদিকে আন্ধারিঝার হয়ে ভুরুঙ্গামারি থানার দিকে গিয়েছে। আর ব্রীজ থেকে দক্ষিণদিকে কয়েক কিলোমিটার এগোলেই নাগেশ্বরী থানা এবং সেখান থেকে আরও দক্ষিণে গেলে ধরলা নদীর পাড়ে কুড়িগ্রাম জেলা শহর।জেলা বোর্ডের এই রাস্তাটা রায়গঞ্জকে উত্তর-দক্ষিন বরাবর দু’থানার সঙ্গে সংযুক্ত করেছে এবং গ্রামটি বলতে গেলে ঠিক এদের মাঝামাঝি জায়গায়। গ্রামের আধাপাকা রাস্তা ধরে ডিজেল ইঞ্জিনের পুরনো ঝরঝরে মোটরগাড়িগুলো ধূলা উড়িয়ে যায়। মাঝে মাঝে সে রাস্তায় মোটরগাড়ীর পাশাপাশি ক্যাঁচক্যাঁচ শব্দে মন্থর গতির গরুর গাড়িগুলোকেও ছুটে চলতে দেখা যায়।সেতুর দক্ষিণ প্রান্তের গগন শিরীষ গাছটা থেকে ডান দিকে কয়েক কদম এগোলেই নদীর পাড়ে বিশাল এক বটগাছ আর সেই বটগাছটাকে ঘিরে সপ্তাহের প্রতি রবি আর বুধবারে হাট বসে। অবশ্য হাটবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেখানে বেশ বড় বাজার বসে। তবে হাট কিংবা বাজার যাই বসুক না কেন মানুষের বিকিকিনির জন্য সেখানে সবসময় হৈ-হল্লা একটা কিছু লেগেই থাকে। হাটের একপাশে পুরনো একটা মন্দির। সেখানে প্রতি বছর বেশ জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা হয়। পূজার সময়ে মন্দিরের সামনের মাঠে বারোয়ারী মেলা বসে।মেলা উপলক্ষে ছাঁচ পিঠা-গুড়ের সন্দেশ আর বাতাসার দোকান নানা বয়সী ক্রেতার ভিড়ে সবসময় গমগম করে। যাত্রাপালা-পুতুলনাচ-সঙনাচ-বায়স্কোপ সবই মেলে সেখানে। মেলায় গ্রামের হিন্দু ছেলেমেয়েদের পাশাপাশি মুসলমান ঘরের ছেলেমেয়েরাও যেয়ে আনন্দ ফুর্তি করে থাকে। মন্দির ঘেষেই  কুমারদের পাড়া। কুমারপাড়া ধরে দক্ষিণে কিছুদূর এগোলে সরকারী হাসপাতালের ঝকঝকে সাদা বিল্ডিঙগুলো মাথা উঁচু করে দাড়িয়ে আছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের কাঁচা রাস্তাটা রায়গঞ্জের সাথে রতনপুর হয়ে দামালগ্রামকে মালার মত গেঁথেছে। আরেকটা পথ হাসপাতালের প্রাচীর ঘেঁষে নদীটাকে বামে রেখে সোজা পূর্বদিকে রাঙ্গালিবস গ্রামের দিকে চলে গেছে।

জেলা বোর্ডের রাস্তা থেকে কাঁচা সড়ক ধরে হাটের দিকে খানিকটা এগোলে শুরুতেই পড়বে মারোয়াড়ীদের বিশাল পাইকারি দোকান। দোকানের উল্টাদিকে পাকা রাস্তা বরাবর স্বর্ণকারদের বাস, গ্রামের লোকেরা অবশ্য বলে বাণিয়াপল্লী। যাহোক পল্লীর ভিতর দিয়ে একহারা মেঠোপথ নদীটাকে ডানে রেখে সোজা রামখানার দিকে চলে গেছে। তারপরেই ভারত-বাংলাদেশের সীমানা। পাকা সড়ক ধরে দক্ষিণে বেশ খানিকটা এগোলে দু’ধারে সার বেঁধে হরেকরকম পণ্যের দোকান কিংবা পাট ব্যবসায়ীদের পাটের মোকাম, আধাপাকা গুদামঘর ইত্যাদি। সাইকেল সারাইয়ের দোকান, তৈজসপত্র, ধান- চালের আড়ত, ঔষধঘর, কি নেই সেখানে! দোকানপাটের মাঝেই বয়সের ভারে নুজ্জ্য পাকুর গাছটার নীচে ইউনিয়ন পরিষদের ভূমি অফিস। চৈত্রের গরম দুপুরে ভূমি অফিসে জমির খাজনা দিতে আসা লোকজন গাছের শীতল ছায়ায় বসে পান চিবায় কিংবা আড্ডাবাজি করে। কখনো তাদের মাটিতে ছক কেটে জামের বীচি দিয়ে ষোল গুঁটি বা বাঘবন্দি খেলতে দেখা যায়। রাস্তার পাশের বিশাল কদমগাছের নীচে কামারশালার হাপর চারকোলের চুলায় সারাদিন আগুন তাতিয়ে রাখে আর কামারের হাতুরির একঘেয়ে টিং টাং টিং টাং শব্দ কানে বিভ্রম ধরিয়ে দেয়। কামারের দোকান  ছাড়িয়ে আরও সামনে এগোলে গ্রামের প্রান্ত ছুঁয়ে বিশাল মাঠ আর বিল। বিলের কালো গভীর জল আলো করে রাখে সাদা কিংবা লাল শাপলা আর লক্ষ কোটি পান চুলি। গ্রামের ছেলেরা বিলের পানিতে ঘন বর্ষায় কলা গাছের ভেলা ভাসায়, মাছ ধরে কিংবা সারা শরীরে কাঁদা মেখে শালুকের ডাঁটা কাঁধে নিয়ে বাড়ির পথ ধরে। কুড়ান নারকেলের সঙ্গে শালুকের ডাঁটা রাঁধলে কিযে দারুণ লাগে! বিলের পাড়ের ধ্যানমগ্ন বক কিংবা পানির পাখি পানকৌড়ি অলস দৃষ্টিতে গাঁয়ের ছেলেমেয়েদের প্রাণের উচ্ছ্বাস দেখে। পানকৌড়ি একটু পরপরই পানিতে ডুব দিয়ে মাছ ধরে, তাই দেখে গ্রামের ছেলেমেয়েরা ছড়া কাটে, ‘পানকৌড়ি তোর ভাসুর আইলো ডুব।’ বিলের ধার ঘেঁষে মাঠের একপ্রান্তে প্রাথমিক, আর আরেকপ্রান্তে বহুমুখী উচ্চ বিদ্যালয়। হাজারটা ঝুরি ঝুলিয়ে মাঠের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাড়িয়ে আছে শতবর্ষের পুরনো এক বটগাছ। সেই বটগাছের নীচে প্রতি বছর ঈদের নামাজ আর চৈত্রসংক্রান্তিতে মেলা বসে। আসলে রায়গঞ্জ গ্রামে হিন্দু মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করে।ঈদে কিংবা বিভিন্ন পূজা-পার্বণে তারা একসাথে আনন্দ উদযাপন করে এবং একে অপরের দুঃখ-কষ্টে এগিয়ে আসে।

বছরের অন্যান্য সময়ে ফুলকুমার নদীতে হাঁটুজল থাকলেও বর্ষায় তা ফুলে ফেঁপে একদম কঠিন রূপ নেয়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাম না জানা সওদাগররা বিভিন্ন বর্ণের পালতোলা নৌকা নিয়ে রায়গঞ্জ ঘাটে এসে ভিড়ে। নদীর ঘাটকে কেন্দ্র করে জমজমাট ব্যবসা-বাণিজ্যের কারণেই হয়ত গ্রামটি সুদূর অতীতে কোন এক প্রভাবশালী রায় বাহাদুরের উপাধির সঙ্গে গঞ্জ মিলিয়ে রায়গঞ্জ নাম নিয়েছে। দেশ ভাগের আগে আসামে জামিল সাহেবের পরিবহণ ব্যবসা ছিল। কিন্তু দুই বাংলা ভাগ হলে তিনি যৎসামান্য পুঁজি নিয়ে এপারে এসে প্রথমে রকমারি পণ্যের পাইকারি ব্যবসা শুরু করলেও স্বাধীনতা যুদ্ধের পরে ঔষধের ব্যবসায় ঢোকেন। ভাগ্যদেবী তার সহায় হওয়ায় এবং পুরো তল্লাটে তার চেয়ে বড় ঔষধের ব্যবসায়ী না থাকায় তার আয় রোজগার এবং নামডাক বেশ ভাল। সেজন্যই হয়ত এলাকায় তার নামের শেষে ব্যাপারী তকমাটি লেগে যেতে বেশী সময় লাগেনি। তার নাম জামিল উদ্দিন থেকে হয়ে যায় জামিল ব্যাপারী। চার ছেলে আর তিন মেয়ে নিয়ে তার বেশ জমজমাট সংসার। বড় ছেলে রেশাদ অবশ্য বিয়ে করে তার স্ত্রীসন্তানদের নিয়ে আলাদা থাকে। মেজো ছেলে রাহাত রংপুরে ডাক্তারি পড়ছে। তিন মেয়ের মধ্যে বড় দু’জন অর্থাৎ বেলী আর নেলীর বিয়ে হয়েছে।

পাভেলরা রংপুরে থাকে। তার বাবা সাইফ সাহেব একজন সরকারী কর্মকর্তা আর মা বেলী হক একজন পুরাদস্তুর গৃহিণী, দু’হাতে তিন সন্তান আর সংসার সামলাতে ব্যস্ত। পাভেল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে, ছোট ভাই রোমেল আর একমাত্র বোন তিনা প্রাইমারীতে পড়ছে। নেলী খালা তার স্বামী আর দু’ছেলে সৌম্য, স্বাধীনকে নিয়ে কুড়িগ্রাম শহরে থাকেন। খালু সেখানেই চাকুরী করেন। গ্রীষ্মের ছুটিতে পাভেল নানাবাড়িতে গেলে তার সব রকমের দুষ্টামির নিত্যসঙ্গী হয় ছোট মামা রিপন আর বড় মামার ছেলে লিটন। পাভেলের প্রায় সমবয়সী এই মামা ষষ্ঠ শ্রেণীতে আর মামাতো ভাই লিটন তার এক ক্লাস নীচে পড়ে অর্থাৎ রোমেলের সমবয়সী সে। নেলী খালার ছেলেরা স্কুল ছুটির দিনগুলোয় নানাবাড়িতে এলে তাদের দলটা বেশ ভারী হয় আর দুষ্টামিগুলোও তখন বেশ জমে ওঠে। নানাবাড়িতে বয়সে সবচেয়ে ছোট হলেন শেলী খালা, তিনি সবে রায়গঞ্জ প্রাইমারী স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছেন।

পাভেলের কাছে নানাবাড়িটা দারুণ লাগে। চারদিকে দারুণ সব ফলের গাছ আর সেসব গাছে  সারা বছর জুড়েই কোন না কোন ধরণের ফল ধরে। নানাবাড়ির ঘরগুলোও বেশ সুন্দরভাবে তৈরি। জেলা বোর্ডের রাস্তা থেকে ঔষধের দোকান লাগোয়া সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলে প্রথমেই হাতের বামে বা ফুলের বাগানের পাশে পড়বে পশ্চিমঘর। ঘরটা আসলে বাড়ির আঙ্গিনার পশ্চিমে, তাই তার নাম দেয়া হয়েছে পশ্চিমঘর। সে ঘরের একপাশের বিছানায় নানা-নানী আর অন্যপাশে ফুটবল মাঠের মত বিশাল বিছানায় রিপন মামা, শেলী খালাদের সঙ্গে সেও ঘুমায়। শীতের রাতে ভূতের ভয়ে যখন ঘরের বাইরে যেতে ভয় হয়, তখন সে আর রিপন মামা জানালার কাঠের পাল্লা খুলে হিসির কাজটা বিছানায় দাড়িয়েই সেরে নেয়। এই ঘর লাগোয়া ছোট ঘরটাকে মূলত স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয়। পাভেল জানে সেখানে নানীআম্মা টিনের বাক্সে মুড়ি-মোয়া নারকেলের নাড়ু-বাতাসা এসব জমিয়ে রাখেন। গাছ থেকে কলার কাঁদি পেড়ে আনলে সেঘরেই খুটির সঙ্গে ঝুলান হয়। নানাজান প্রতিদিন দুপুরে দই-কলা দিয়ে ভাত মেখে খেতে ভালবাসেন। তাই কলার ছড়ি সেখানেই রাখা হয়। হাতের ডান দিকের অর্থাৎ দক্ষিণের ঘরটা হল রান্নার। দক্ষিণ আর পূর্ব দিকের ঘরের মাঝে নলকূপের পাশেই গোসলখানা। পূর্ব দিকের ঘরে পাভেলের সেজো মামা থাকেন, তবে বড় খালা তার ছেলেদের নিয়ে নানাবাড়িতে বেড়াতে এলে এই ঘরেই থাকেন। পূর্ব এবং উত্তর ঘরের মাঝের সরু পথ ধরে একটু এগোলে হাতের বামে বেতের ছোট ঝাড়ের পাশেই মুক্তা খালাদের বাড়ি আর সেটা ছাড়িয়ে সোজা গেলে খালের পাড়ে শিমূলগাছের নীচে টিনের বেড়া দেয়া টয়লেট। বাঁশঝাড় আর শটিবনের ভিতর দিয়ে খাল পেড়িয়ে একদম পূবে গেলে হাতের বামে পড়বে সরকারি হাসপাতাল। তবে ডানের কাঁচা পথ সোজা চলে গেছে দামালগ্রামের দিকে। রান্নাঘরের পিছনে একটু দূরে একচালা গোলাঘর। সেখানে দু’টো ছাতিম গাছ মাথা উঁচিয়ে আছে। গোলাঘরের ভিতরে বাঁশের বড় বড় ডুলিতে ধান-চাল এসব রাখা থাকে, আর গোলাঘরের বারান্দায় বর্ষাকালের জন্য শুকনা খড়ি-পাটকাঠি-ধইঞ্চা  এসব মজুত করা হয়। গোয়াল ঘরটাও তার পাশেই।সেখানে বাঁধা গরুগুলো সারা বছর দুধ দেয়। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে এসে তারা সাধারণত যে ঘরটাতে উঠে সেটা হল উত্তরের ঘর। বাসার কাজের লোক আর রাখালের জন্য অবশ্য আলাদা কোন ঘর নেই। তারা সাধারণত যেকোনো একটা ঘরের বারান্দায় কিংবা তারা যখন থাকেনা তখন উত্তরের ঘরের মেঝেয় বিছানা পেতে ঘুমায়। শনের পুরু ছাউনি আর বাঁশের চাটাই ঘেরা চারটা বিশাল দোচালা ঘরের ঠিক মাঝখানে বড় আঙিনায় ধান শুকানো, পিঠা-পায়েসের আয়োজন এসব করা হয়। সে যখন চতুর্থ শ্রেণীতে পড়তো তখন রিপন মামা আর বড়খালার ছেলে সৌম্য’র সঙ্গে তাকেও সেই আঙ্গিনাতেই শুইয়ে হাজাম দিয়ে মোসলমানি করানো হয়েছিল। মোসলমানি করার পরের দিনগুলো কিযে কষ্টের ছিল! কোন ধরণের দুষ্টামি করা যেত না। সারাদিন লুঙ্গী উচিয়ে ধরে হাঁটতে হত। সেবারই সে প্রথম লুঙ্গী পড়েছিল। নানাজান তাদের জন্য নাহারগঞ্জেরহাট থেকে লুঙ্গি কিনে আনিয়েছিলেন। নানাবাড়ির সবগুলো ঘড়ের সামনেই উঁচু বারান্দা আছে, যেখানে বসার জন্য সবসময় কাঠের বেঞ্চ পাতা থাকে। রান্না ঘরের বারান্দায় অবশ্য ঢেঁকি বসানো আছে।  

লতিফ সাহেব অবশ্য এপারে এসে তেমন সুবিধা করতে পারেননি। ওপারে তার আয় রোজগার বলতে ছিল বেশ কিছু ফসলের ক্ষেত আর পুকুর-ডোবা এসব থেকে যা পাওয়া যায় তাই আরকি। অবশ্য সে আয়ে তার সঞ্চয় তেমন না জমলেও খেয়ে-পড়ে বেশ ভালভাবেই চলে যেত। হয়ত হুজুগের বশে কিংবা মৃত্যুভয়ে তিনিও জামিল সাহেবের সঙ্গে এপার বাংলায় চলে আসেন। কিন্তু জীবিকার প্রয়োজনে তেমন কিছু জোটাতে না পেরে শেষে ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে তিনি তহশিলদারের সহকারী হিসাবে থিতু হন। তবে সেখানে আয় উপার্জন তেমন না থাকায় তাকে একরকম পরগাছার মতই জামিল সাহেবের উপর নির্ভর করতে হয়। তিনি পাভেলের নানাবাড়ির পাশেই সরকারি জমিতে দু’টো কাঁচা ঘর তুলে স্ত্রী ও একমাত্র সন্তান মুক্তা খালাকে নিয়ে থাকেন। মুক্তা খালা রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়েন। লতিফ সাহেবের বাঁশের চাটাই ঘেরা ঘরের একটিতে বুড়োবুড়ি আর অন্যটিতে মুক্তা খালা থাকেন। রান্নার কাজটা উঠানের একপাশেই সেরে নেয়া হয়। খাবার পানিটা ভূমি অফিসের পিছনে সরকারী নলকূপ থেকে আনলেও তাদের গোসল-বাথরুম এসব পাভেলের  নানাবাড়িতেই সা্রতে হয়। জামিল সাহেব কিংবা তার পরিবার অবশ্য এতে কিছু মনে করেন না। নিজের এলাকার একজন লোককে প্রতিবেশী হিসাবে পেয়ে তিনি বরং খুশিই হন। প্রতিদিন সন্ধ্যায় বায়েজিদ কোম্পানির হারিকেনের ম্যাড়ম্যাড়ে আলোয় সারাদিনের ব্যবসার হিসাব মেলাতে মেলাতে দুই বুড়ো ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন করেন, চা খান আর চার ব্যাটারির ট্রাঞ্জিস্টরে বিবিসির বাংলা সংবাদ শোনেন। পাভেলের নানার সঙ্গে সখ্যতার কারণেই হয়ত লতিফ সাহেব পাভেলের দুষ্টুমিতে তেমন একটা গা করেন না, তার দৃষ্টিতে বরং প্রশ্রয় ভাবই ফুটে ওঠে।

মুক্তা খালা অবশ্য তাকে সত্যি সত্যিই ভালবাসেন, আদর করেন। পাভেল সেটা বেশ বুঝতে পারে। কতদিন তিনি পাভেলকে মারের হাত থেকে বাঁচিয়েছেন তার হিসাব নেই। মাঝে মাঝে খালা পাভেলকে তার সঙ্গে স্কুলে নিয়ে যান, বিশেষকরে যেদিন রিলিফের বিস্কুট কিংবা গুড়া দুধ দেয়া  হবে। ঐদিনগুলো বেশ আনন্দের হয়, কারণ তখন ক্লাস হয়না, শুধু খেলা আর খেলা। শিক্ষকরা সবাই রিলিফের বিস্কুট-খাতা-পেন্সিল কিংবা গুড়া দুধ, এসবের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকেন বলে তাদের সেদিন ক্লাস নেয়া হয়না। এরপর হেড স্যার এলে স্কুলের ছাত্রছাত্রীদের লাইন করে দাড় করিয়ে রিলিফ বিলি করা হয়। পাভেল যদিও সে স্কুলের ছাত্র না তবুও রিলিফের পণ্য পেতে তার কোন সমস্যা হয়না কারণ হেড স্যার নানার বন্ধু মানুষ, সন্ধ্যা হলে তাকেও বিবিসির খবর শুনতে নানার দোকানেই ছুটতে হয়। ডানহাতের মুঠো ভর্তি গুড়া দুধ নিয়ে চেটেপুটে খেতে দারুণ লাগে আর ইউনিসেফ এর হালকা নীল রঙের খাতাগুলোও কি সুন্দর! এসবের বিনিময়ে অবশ্য তাকেও খালার এটাসেটা কাজ করে দিতে হয়। এই যেমন তার কোন বান্ধবীর কাছে দস্যু বনহুর সিরিজের কোন বই পৌঁছে দেয়া কিংবা তার বান্ধবীদের চিঠিপত্র লেনদেনে সাহায্য করা। খালার বান্ধবীদের সঙ্গে গল্পের বই লেনদেন করতে যেয়ে তার বেশ সুবিধা হয়েছে, এই যেমন বই চালাচালি করতে যেয়ে সেই বয়সেই দস্যু বনহুর আর কুয়াশা সিরিজের অনেকগুলো বই তার নিজেরও পড়া হয়ে গেছে। পাভেলের অবশ্য বই পড়তে ভাল লাগে। বাবা তাকে স্কুলের লাইব্রেরীর সদস্য করে দিয়েছেন। সে লাইব্রেরী থেকে ইছেমত বই ইস্যু করে বাসায় নিয়ে আসতে পারে। পড়া হয়ে গেলে আবার ফেরত দিয়ে আসে। এভাবে সে শার্লক হোমসের, শ্রীকান্তের অনেক বই পড়েছে। তার সাধ, বড় হলে শার্লক হোমস বা কিরীটী রায় এর মত দুঁদে গোয়েন্দা হয়ে বড়বড় রহস্যের সমাধান করবে। আবার দস্যু বনহুর বা রবিনহুড পড়লে তার ডাকাত হতে ইচ্ছে করে। সে ঠিক করে তার একটা দল থাকবে, তাদের নিয়ে সে ধনীলোকদের ধনসম্পদ ডাকাতি করে গরীবদের মাঝে মিলিয়ে দিবে। কিন্তু সে তার দলের লোকদের কীভাবে জোগাড় করবে সে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। রিপন মামা, লিটন এদের দিয়ে হবে না। পাভেল ভাবে, বড় হলে দলটা নিয়ে প্ল্যান করা যাবে। পাভেলের বই পড়ার প্রিয় জায়গা হল গাছের মগডাল। সে একবার রবিনহুডের বাংলা অনুবাদ নিয়ে দুপুরের খাবারের পরপর মুক্তাখালাদের বাড়ির পাশের আমগাছে উঠেছিল। তারপর বইটা একটানা পড়ে শেষ করে একদম সন্ধ্যার আগে আগে গাছ থেকে নেমেছে। সফুরা নানী তখন যাচ্ছিলেন কলতলার দিকে, পাভেলকে হঠাৎ গাছ থেকে ওভাবে নেমে আসতে দেখে তিনি চমকে ওঠেন, ইন্না লিল্লাহ্‌………বলে বুকে থুথু দেন। ওনার অমনভাবে চমকে ওঠা দেখে পাভেলের সেদিন ভীষণ হাসি পেয়েছিল। যাক বিনা চেষ্টাতেই ওনাকে তাহলে জব্দ করা গেল! সফুরা নানী এই গাছে গাছে ঘুরে বেড়ান স্বভাবের কারণে পাভেলকে মাঝে মাঝে ডেউয়া বলে ডাকেন। ওনাকে ক্ষ্যাপাতে পাভেলের খুব ভাল লাগে।

পাভেল জানে খালার বান্ধবীদের মধ্যে দু’একজন সহপাঠীদের সঙ্গে লাইন করে। তাদের চিঠিপত্র পাভেলকেই বইতে হয়। বিনিময়ে তারা পাভেলকে লেবেঞ্চুস বা কাঠি চকলেট উপহার দিলেও সে মাঝে মাঝে অবশ্য বিরক্ত হয়, কিন্তু কিছুই করার নাই কারণ মুক্তা খালার হুকুম তাকে মানতেই হবে। খালা কিন্তু খুব ভাল, তিনি কারো সঙ্গে লাইন করেন না। পাভেল অবশ্য দু’একদিন বেতের ঝাড়ের আড়ালে মুক্তা খালাকে রাহাত মামার সঙ্গে লুকিয়ে গল্প করতে দেখেছে। তারা কি নিয়ে কথা বলে সেটা অবশ্য পাভেল জানেনা, তবে রাহাত মামার সঙ্গে মুক্তা খালাকে দারুণ মানায়! তাদের মধ্যে বিয়ে হলে পাভেল ভীষণ খুশী হবে। এই কথাটা একদিন ইনিয়ে বিনিয়ে খালাকে বলতেই তিনি পাভেলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেন। কিন্তু খালার লাজরাঙ্গা মুখ দেখে খালার সঙ্গে রাহাত মামার যে লাইন চলছে তা নিয়ে পাভেলের মনে বদ্ধমূল ধারণা জন্মে। তবে এই কথাটা সে কাউকেই বলেনি, খালা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। রাহাত মামা আসলে একজন চমৎকার প্রাণবন্ত মানুষ। মেডিকেল কলেজের ছুটির দিনগুলোতে মামা রায়গঞ্জে এলে ভীষণ আনন্দ হয়। মামাকে মাথা ভর্তি বাবরী চুল আর কানের দু’পাশে বড় জুলফিতে দারুণ লাগে। পাভেল ঠিক করে সেও বড় হয়ে মামার মতই বাবরী চুল রাখবে। সন্ধ্যায় উঠানে বসে মুড়ি-মোয়ার সঙ্গে চা খেতে খেতে মামার ভারী কন্ঠে সিনেমার গান শুনতে কিযে দারুণ লাগে! ভাইবোন, মামা-খালা সবাই মিলে সন্ধ্যার সেসব আসর দারুণ জমে। রওনক মামা আসরগুলোতে একটার পর একটা রক্তহিম করা ভূতের গল্প বলেন। গল্পশুনে পাভেলরা ডানে বামে তাকাতেও ভয় পায়। কি জানি, গল্পের সেই মুণ্ডুহীন ভূত হয়ত তাদের পাশে বসেই ভূতের গল্প শুনছে! মাঝেমাঝে আসরের পরিবেশটা হালকা করার জন্য নানীআম্মা রান্নাঘরের কাজ ফেলে একটা দুটো শোলক শুনিয়ে যান। নানীআম্মার শোলকের ভান্ডার অফুরন্ত! মাঝে মাঝে মুক্তা খালাও চুপিসারে তাদের সেই আসরে যোগ দেন কিন্তু ঘরের মেয়েদের সন্ধ্যের পরে বাড়ির বাইরে থাকতে নেই বলে নানী তাকে বাড়িতে পাঠিয়ে দেন। হারিক্যানের ম্যাড়ম্যাড়ে আলোতেও খালার মন খারাপ করা কালো মুখ তার দৃষ্টি এড়ায় না। পাভেলের তখন খুব খারাপ লাগে। সদ্য শোনা ভুতের গল্পের ভয় সত্ত্বেও সে খালার পিছু পিছু এগিয়ে যায়, বাড়িতে পৌঁছে দিয়ে তবে আসে। খালাটা এত ভাল কিন্তু সে জানেনা নানীআম্মা কেন এরকম করেন! সে অবশ্য চাইলেও নানীআম্মার ওপর রাগ করতে পারেনা, তিনি তাকে অসম্ভব আদর করেন। প্রতিবারি ছুটি শেষে রংপুরে ফেরার সময়ে নানীআম্মা তার শার্টের বুক পকেটে কতগুলো আধুলি-সিকি ঢুকিয়ে দিয়ে নাতীকে বুকে জড়িয়ে হুহু করে কান্না করেন। জিজ্ঞেস করেন,

- ভাইয়া, আবার কবে আসবি? বড় হও ভাইয়া।         

মুক্তা খালার মা অর্থাৎ সফুরা নানী ঠিক যেন সবার উল্টাটা। নানাবাড়ির সবাই আদর-স্নেহ  করলেও তার বাড়ির ত্রিসীমানায় পাভেলকে দেখলেই তিনি তেলেবেগুনে জ্বলে ওঠেন। কখনো লাঠি হাতে পাভেলের দিকে তেড়ে  যান, আবার কখনো তিনি তার খনখনে গলায় কাশি দিতে দিতে অভিশাপ দেন। পাভেলের অবশ্য এসবে একদম গা সওয়া হয়ে গেছে। সে এসবে বিন্দুমাত্র মাথা না ঘামিয়ে তার দুষ্টামিটাই বরং পুরাদমে চালিয়ে যায়। আজকের ঘটনাটাও আসলে অনেকটা সেরকম।

অন্যান্য দিনের মত আজো সফুরা বেগম সেই কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উঠান ঝাড় দেন। এরপর খাবার পানি আনার জন্য মাটির কলসিটা হাতে ভূমি অফিসের দিকে রওনা হলে পথেই পাভেলের দেখা মেলে। পাভেল তখন বেতের ঝাড়ের আড়ালে দাঁড়িয়ে দাঁত মাজছিল। সফুরা বেগমের সাথে চোখাচোখি হতেই পাভেল বেতের ঝাড়ের আড়াল থেকে সরে এসে পথ আগলে দাড়িয়ে জিজ্ঞেস করে,

- কি গো নানী খবর কি?

তিনি পাভেলের কথার উত্তর না দিয়ে বরং মুখ ঝামটানোর সঙ্গে দুটো গালি দিয়ে হনহন করে হেঁটে নলকূপের দিকে যান। পাভেল তার এই ব্যবহারে বেশ রুষ্ট হয়ে সফুরা বেগমকে জব্দ করার জন্য তার সদ্য নিকানো উঠানে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখে। এরপর সফুরা নানীর তামাশা দেখার জন্য পাভেল রান্নাঘরের পিছনে কাঁঠাল গাছটার আড়ালে লুকায়। কলসি কাখে ঘরে ফিরে আঙিনা জুড়ে আবর্জনার স্তূপ দেখে সফুরা বেগমের মেজাজ সপ্তমে চড়ে যায়। তিনি রেগে মেগে পাভেলকে আচ্ছা পিটুনি দেয়ার জন্য লাঠি খোঁজেন। কিন্তু লাঠির বদলে মাটির উনুনের পাশে বাঁশের বেড়ায় গুঁজে রাখা সব্জি কাটার ছুরিটা পেয়ে সেটা হাতেই পাভেলের দিকে তেড়ে যান। পাভেল ততোক্ষণে সেখান থেকে দৌড়ে নানাবাড়ির খিড়কি দরজার কাছে দাড়িয়ে দাঁত কেলিয়ে হাসতে থাকে। সফুরা বেগম তাকে ধরতে না পেরে রাগের বশে হিতাহিত বোধ হারিয়ে ছুরিটাই পাভেলের দিকে ছুড়ে মারেন। কিন্তু পাভেল তড়িৎ বেগে এক পাশে সরে গেলে সেটা বেশ দূরে পুঁইশাকের ক্ষেতে গিয়ে পড়ে। এরপর পাভেল হাসতে হাসতেই ছুরিটা ক্ষেত থেকে কুড়িয়ে সফুরা বেগমের দিকে ছুড়ে মারলে সেটা একদম তার নাকে গিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেখানে একটা গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। ঘটনার আকস্মিকতায় পাভেল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারেনা এরকম সময়ে তার কি করা উচিৎ। তবে সে এটা নিশ্চিত জানে যে সে কখনো এরকমটি করতে চায়নি। তার মধ্যে প্রচণ্ড রকমের অনুশোচনা এসে ভর করে। অবশ্য সফুরা নানী তাকে ওভাবে গালি না দিলে হয়ত এসবের কিছুই ঘটত না। সফুরা বেগম ইতিমধ্যে চীৎকার করে পাড়ার দু’চারজন মহিলাকে জড়ো করে ফেলেন। মহিলাদের মধ্যে থেকে কেউ কেউ পাভেলকে ধরার চেষ্টা করলে সে দু’লাফে পিছনের খাল পেড়িয়ে সরকারী হাসপাতালের দিকে পালিয়ে যায়।

রায়গঞ্জের সরকারী হাসপাতালটা অজ্ঞাত কারণবশতঃ বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চেয়ে আয়তনে বেশ খানিকটা বড় এবং সেখানে কর্মচারীদের জন্য ফ্যামিলি কোয়ার্টার, ঔষধের ডিস্পেন্সরি, রোগীদের জন্য বেড ইত্যাদি মিলিয়ে বেশ একটা রমরমা অবস্থা। পাভেল হাসপাতালের প্রধান ফটক লাগোয়া আমগাছে ঢিল মেরে কয়েকটা কাঁচামিঠা আম পেড়ে ফ্যামিলি কোয়ার্টারের ছাদে যায়। সেখানে রেলিঙের আড়ালে বসে কাঁচা আম খেতে খেতে আজ সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। সে ভাবে, তার আজ আর সকালের নাস্তা খাওয়া হল না! আজ হয়ত কাঁচা আম আর নলকূপের পানি খেয়েই পেট ভরাতে হবে। সে নিশ্চিত এতক্ষণে মায়ের কাছে তার বিরুদ্ধে একগাদা নালিশ চলে গেছে। জানেনা আজ তার কপালে কি লেখা আছে। নির্ঘাত জোড় পিটুনি  খেতে হবে আজ। এসব ভাবতে ভাবতে সে হয়ত একটু আনমনাই হয়ে গিয়েছিল তাই সেজো মামা কখন যে পা টিপে টিপে ছাদে এসে হাজির হয়েছে তা সে বুঝতেই পারেনি। তার এই সেজো মামা কিছুটা পাগল কিসিমের। তিনি নাগেশ্বরী কলেজে পড়েন। কলেজে থেকে ফিরেই ঘরের কোণে বসে গভীর মনোযোগে কিসব বই পড়া আর এটা সেটা বানিয়ে সবাইকে তাক লাগানো হল তার নেশা। মাঝে মাঝে অবশ্য তিনি অদ্ভুত রকমের সব কান্ডকারখানা করে থাকেন। এই যেমন একবার দেখা গেল যে তিনি ছাতিম গাছটার ডালে বসা মৌমাছির চাকের নীচে মশারি টাঙ্গিয়ে বসে আছেন। তার হাতে বেশ লম্বা একটা লাঠি আর সেটার সঙ্গে স্যালাইনের পাইপ সুতা দিয়ে বাঁধা। তার প্ল্যান হল স্যালাইনের পাইপটা মৌমাছির চাকে ঢুকিয়ে মধু খাবেন। সেজো মামা হঠাৎ শক্ত হাতে তার কান চেপে ধরলে পাভেল নিজেকে আর ছাড়াতে পারেনা। ইতিমধ্যে বাড়ির রাখালটা এসে তার সঙ্গে যোগ দিলে পাভেলের আর নড়বার কোন উপায়ই  থাকেনা। দু’জন দুই পাশ থেকে ধরে তাকে একরকম চ্যাংদোলা করে বাসায় নিয়ে যায়। হয়ত ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে কিংবা অন্যকোন কারণে মা তাকে কিছুই না বলে গম্ভীর মুখে উত্তরের ঘরে ঢুকিয়ে দরজার শিকল টেনে দেন।       

বদ্ধ ঘরের ভিতরে বিছানায় শুয়ে পাভেল ভাবতে থাকে কি করা যায়। সকালে নাস্তা খাওয়া হয়নি বলে পেট ক্ষুধায় চোঁ চোঁ করছে। আজ হয়ত তাকে কোন খাবারই খেতে দেয়া হবেনা। সারাটা দিন অনাহারে থাকতে হবে ভেবে সে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সে ঠিক করে এবারে ছুটি শেষে রংপুরে ফিরলে মায়ের বিরুদ্ধে বাবার কাছে নালিশ করবে। সে জানে পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যে  তার সব অন্যায় আবদার, দুষ্টামি, অত্যাচার হাসিমুখে সয়ে যান। পাভেলের বুকের ভিতর থেকে একরাশ আবেগ উথলে উঠে। সে থেকে থেকে কান্নার সঙ্গে হেচকি দেয়। বাইরের উঠানে সফুরা নানীর কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। তিনি পাভেলের মা’কে ইনিয়ে বিনিয়ে কিসব অভিযোগ করছেন। একসময় তার মা বিরক্ত হয়ে বলেন,

- এখান থেকে যান তো মাসী। অনেকতো হল। ছেলেটা সেই সকাল থেকে একদম না খেয়ে আছে আর আপনি এসেছেন যতসব অভিযোগ নিয়ে।  

পাভেল মায়ের ফোঁপানো কান্নার শব্দ শুনতে পায়। সফুরা নানীর আজগুবি সব অভিযোগের প্রেক্ষিতে মা’র দেয়া উত্তরগুলো শুনে পাভেলের মন ভাল হয়ে যায়। সে মা’র বিরুদ্ধে বাবার কাছে নালিশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে।

কিন্তু দরজাটাতো কেউ খুলছে না! মায়ের জন্য পাভেলের মনটা খারাপ হয়ে যায়। সে ঠিক করে একবার এই বন্দী দশা থেকে মুক্তি পেলে সে আর কখনও দুষ্টামি করবেনা। একদম শান্ত ছেলে হয়ে পড়াশুনায় আরও মনোযোগ দিবে। অবশ্য এমনিতেই সে পরীক্ষায় বরাবর প্রথম হয়ে থাকে। পাভেল অবশ্য তার শান্ত ছেলে হয়ে থাকার সিদ্ধান্তে বেশীক্ষণ অটল থাকতে পারেনা। দরজার চৌকাঠে ধাক্কা দিয়ে সে পাল্লা খোলার চেষ্টা করে কিন্তু শিকল সম্ভবত খুব শক্তভাবে আংটার সঙ্গে সেঁটে আছে। ঘরের দেয়াল বাঁশের চাটাইয়ের হলেও সেগুলো তামার তার দিয়ে বেশ আঁটোসাঁট ভাবে বাঁধা। শনের ছাউনির নীচেও চাটাইয়ের সিলিং লাগান আছে। সিলিংটায় বাঁশের চিকন বাতা দিয়ে সুন্দর নকশা করা আর তাতে রঙের গাঢ় প্রলেপ বসানো আছে। সিলিং এর একপাশে একটু ফাঁক থাকলেও তা’ বাঁশের ঢাকনি দিয়ে বন্ধ করা। প্রয়োজনে সেই ঢাকনিটা সরিয়ে এটা সেটা সিলিঙের ওপরে রাখা হয়। একবার নানীআম্মা তাকে সিলিং এর ঢাকনা সরিয়ে আমসত্ত্বের বয়ম আনতে বলেছিলেন। মাঝে মাঝে অবশ্য সে আর রিপন মামা সবার অগোচরে সেখানে ঢুকে আম কিংবা বড়ইয়ের আচার, কলার কাঁদি, পাকা আম এসব পেড়ে খায়। নানীআম্মা কখনো হয়ত বুঝতে পারতেন আবার কখনো হয়ত মোটেই টের পেতেন না। তবে সে বেশ খেয়াল করেছে তারা চুরি করে কিছু খেলেও বেশীর ভাগ সময়ই দোষটা গিয়ে পড়ে বাড়িময় ঘুরে বেড়ান আধা ডজন বিড়ালের ওপর।

পাভেল ঘর থেকে বাইরে বেরোনর কোন পথ পাওয়া যায় কিনা তা খুঁজতে থাকে। কিন্তু না, বাঁশের চাটাই বেশ শক্তভাবেই খুঁটির সঙ্গে বাঁধা। এমনকি তারের বাঁধনগুলোও বহু চেষ্টাতেও আলগা করা যায়না। হঠাৎ কি ভেবে সে সিলিং এর ভেতর দিয়ে বাইরে বেরোনোর কোন পথ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। সে খেয়াল করেছে ঐ সিলিং এর ভিতর দিয়েই বিড়ালগুলো ঘরে ঢুকে এটাসেটায় মুখ দেয়। সেখানে অবশ্যই কোন না কোন ফোঁকর আছে। সে আর দেরী করেনা। এভাবে অলস সময় কাটান তার পক্ষে এককথায় অসম্ভব। বহুবারের অভিজ্ঞতার কারণে পাভেল অবলীলায় সিলিং এর ফাঁক গলে ভিতরে ঢুকে পড়ে। কেমন যেন ছায়া ছায়া অন্ধকার সেখানে। একটু অপেক্ষা করার পরে অবশ্য অন্ধকার চোখে সয়ে আসে। সে সহসাই চালের পুর্ব দিকে একটা হালকা ফোকর আবিষ্কার করে। সম্ভবত ওটা দিয়েই বিড়াল যাতায়াত করে থাকে। পাভেল হামাগুড়ি দিয়ে ধীরেধীরে ফোকরের কাছে যায়। ঘরের চাল সংস্কার করার সময়ে ঘরামিরা সম্ভবত কাজে ফাঁকি দিয়েছিল তাই সেখানে তারের বাঁধন একটু আলগা এবং চাটাইটা ঘরের চালের সঙ্গে মিলিয়ে ঠিকমত বাঁধা হয়নি। সে মনেমনে ধন্যবাদ দেয় সেসব ঘরামিদের যারা এই আলসেমিটা করেছিল। বিড়াল তার স্বল্প শক্তি দিয়ে যেটুকু ফোকর বানাতে পেড়েছিল পাভেল তার কয়েকগুন শক্তিতে সেটা আরও বড় করে নিজের উপযুক্ত করে নেয়। এরপর অযথা সময় নষ্ট না করে পাভেল সদ্য সৃষ্টিকরা ফোকর দিয়ে বাইরে লাফিয়ে নামে। প্রায় আট/নয় ফুট নীচের মাটিতে লাফিয়ে পড়ার সময় পায়ে হালকা ব্যথা পেলেও সে তাতে গা করেনা।

এরপর পাভেল একরকম পা টিপে সফুরা বেগমের বাড়িতে যায়। সফুরা বেগম তখন উঠানের খড়ির চুলায় কিসব রান্নায় ব্যস্ত। চুলার আগুন থেকে ধোঁয়া কুন্ডুলী পাকিয়ে উঠছে আর তিনি পাশেই কাঠের পিঁড়িতে বসে একটু পরপর চুলায় খড়ি ঠেলে দিয়ে মনের সুখে পাতার বিড়ি ফুঁকছেন। বাসায় এমুহুর্তে নানা কিংবা খালা কেউ নেই বোঝা যাচ্ছে। একদম সুনসান নীরবতা বিরাজ করছে চারদিকে। পাভেল চুপিসারে তাদের ঘরে ঢুকে কাঠের চৌকির নীচে ডিমে ওম দেয়া মুরগীটা নিয়ে সটকে পড়তে চায় কিন্তু ঘর থেকে বেরোনোর ঠিক আগ মুহুর্তে মুরগীটা কক্‌ কক্‌ শব্দে চারদিকে জানান দিলে সফুরা বেগম টের পেয়ে যান। তিনি অবশ্য ভেবেছিলেন হতচ্ছাড়া কোন বেজী কিংবা বাঘডাশ জাতীয় কোন প্রাণী তার পোষা মুরগীটা শিকারের লোভে ঘরের ভিতরে ঢুকেছে। কিন্তু মুরগী হাতে জলজ্যান্ত পাভেলকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ ভিরমি খান। পাভেল তখনও উত্তরের ঘরে বন্দী বলে তার ধারণা ছিল। হতভম্ব দশা কাটতেই তিনি চীৎকার করে পাভেলের দিকে ডালের ঘুঁটনি হাতে তেড়ে যান। কিন্তু পাভেল তার দিকে তাকিয়ে মুখে ভেংচি কেটে একটা ফিচেল হাসি উপহার দেয়। এরপর সে আবারো শটিবনের ভিতর দিয়ে দৌড়ে কয়েক লাফে পিছনের সরুখাল পেড়িয়ে দামালগ্রামের দিকে পালিয়ে যায়। আজ এক দিনেই তাকে দু দু’বার বাড়ী থেকে পালাতে  হল। অসাবধানতার কারণে প্রথমবার ধরা পড়লেও এবার সে আর ধরা পড়তে চায়না। পাভেল তাই হরিণের বেগে দৌড়াতে থাকে। পিছনে পড়ে থাকে ধূলা মাখা পথ, ময়নাকাঁটার ঝোপ আর সবুজ ঘাসের বন। একসময় পথের ধারের আকন্দ-বাসক-ভাঁটফুলের আড়ালে তার বারো/তেরো বছরের লিকলিকে শ্যামলা শরীরটা হারিয়ে যায়, নিঃসীম এক শূন্যতা বিরাজ করে সেখানে।



পোস্ট ভিউঃ 30

আপনার মন্তব্য লিখুন

আমার শব্দযাত্রায় সঙ্গী হতে