
বইয়ের নাম: ১৯৫২ নিছক কোন সংখ্যা নয়
লেখকের নাম: মোহাম্মদ নাজিম উদ্দিন
১
লেখকের সৃষ্টিকর্মের সাথে আমার পরিচয় অনেক দেরীতে। এ বছরের শুরুর দিকে তাঁর লেখা 'কেউ কেউ কথা রাখে' নামের থ্রিলার ঘরানার উপন্যাসটি হাতে নিয়েছিলাম নামকরণে কৌতূহলী হয়ে। তারপর একরাশ মুগ্ধতা আর টান টান উত্তেজনা, লেখার এমন মুন্সিয়ানা যে নিমেষে শেষ হয়ে গেলো বইটা। তারপর 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি' এবং 'রবীন্দ্রনাথ এখানে কখনও আসেন নি' উপন্যাস দুটো পড়ে লেখকের লেখার প্রতি এমন আসক্তি ভর করলো যে তার প্রায় সব ক'টি বইই এখন আমার সংগ্রহে আছে। আজকে যে বইটি নিয়ে আলোচনা করছি তা কিনেছিলাম সেই আসক্তিবোধ থেকেই। বইটি একনাগাড়ে পড়ার পর মনেহলো আমি ঠকিনি।
২
গল্পের পটভূমি এবং প্রতিটি চরিত্র,স্থান-কাল-ঘটনা আমাদের চির চেনা, নিয়মিত খবরাখবর পড়লে বা পত্রিকার পাতা ওল্টালে এরকম সামান্য ঘটনা অহরহ চোখে পড়ে। কিন্তু একজন দক্ষ লেখক সেইসব সামান্য ঘটনাগুলোকে অসামান্য করে উপস্থাপন করেন তাঁর সৃষ্টিশীলতায়। ঢাকা শহরের বিমানবন্দর সড়কে ঘটে যাওয়া একটি রহস্যময় যান দুর্ঘটনাকে লেখক তার কল্পনা শৈলীতে যে কতদূর টেনে নিয়ে যেতে পারেন এবং ঘটনার স্তর বিন্যাসের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি করতে পারেন তা এই থ্রিলারটা না পড়লে বোঝানো যাবে না।
উপন্যাসের প্রধান চরিত্র অনুসন্ধানী সাংবাদিক সায়েম নতুন গাড়ী কিনে প্রথম দিন রাস্তায় নেমেই দুর্ঘটনার শিকার হন। এরপর সেই দুর্ঘটনার সূত্র ধরে হত্যা, ষড়যন্ত্র,অপরাজনীতি,সামাজিক অবক্ষয়ের বাস্তবচিত্র বেরিয়ে এসেছে উপন্যাসের পাতায় পাতায়। তবে উপন্যাসে জমজমাট ও নাটকীয় রহস্যের কেন্দ্রবিন্দু 1952 নাম্বার প্লেটের লাল রঙের কনভার্টিবল আলফা রোমিও মডেলের একটি গাড়ি, কারণ এটি নিছক কোন সংখ্যা নয়।
গল্পের প্রয়োজনে বা ঘটনার পরম্পরায় অনুসন্ধানী সাংবাদিক সায়েম, এএসপি গোলাম মওলা, ওসি শওকত, মন্ত্রী পদপ্রার্থী সংসদ সদস্য আহকাম উল্লাহ বা ব্যান্ড তারকা রুডিসহ নিশু, নিম্মি বা তাহিতি, প্রতিটি চরিত্রের আগমন ঘটেছে নিয়মতান্ত্রিক ভাবে, আরোপিত মনে হয়নি। এই চরিত্রগুলোর সংলাপ এবং বৈশিষ্ট্য আমাদের চেনা-জানা পরিবৃত্তের বাইরের নয় এই বোধটি পাঠককে গল্পের সাথে একাত্ম হতে সাহায্য করে। রুডি'র সাথে আমাদের দেশের একজন কবি, গীতিকার এবং অভিনেতার বাচনভঙ্গিতে মিল খুঁজে পেয়ে আমার বেশ মজা লেগেছে।
৩
থ্রিলারটির সাথে মানানসই চমৎকার প্রচ্ছদ, তবে প্রিন্টিং ও বাঁধাই এর মান আরো ভালো হতে পারতো।
শুভ কামনা নিরন্তর।
সুমন সুবহান।
প্রকাশক: বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৪
অষ্টম সংস্করণ: জানুয়ারি ২০২০
মুদ্রিত মূল্য: ৪২০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৪১৪
গ্রন্থের প্রকৃতি: থ্রিলার/উপন্যাস
প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন