: হ্যালো।
: কি করছিলে?
: সংসার, সংসার আর সংসার। সংসার গোছাই। এতো সকালে হঠাৎ ফোন! সব ঠিকঠাক তো! কবি!
: লাঞ্চের টেবিলে ছিলাম। হঠাৎ হেঁচকি উঠলো, ভাবলাম তুমি হয়তো আমার কথা ভাবছিলে!
: উহু! মরিচে কামড় দিয়েছেন কবি! কিংবা ঝাল খেয়েছেন। পানি খেলেই সব ঠিক হয়ে যাবে।
: তোমার কথা মনেপড়ছে খুব। দেখতে ইচ্ছে করছে।
: গত বৃহস্পতিবারে দেখা হলো তো। পর্যটনের রুফটপ রেস্টুরেন্টে। ভুলে গেলেন সব!
: না। মনে আছে। ওখান থেকেই ফিরেই তো কবিতাখানা লিখলাম। আবৃত্তিটা অনেকে পছন্দ করেছে।
: হুম। কীযে পাগলামী করেন! কবে যে বিপদে পড়ে যাই ভাবছি।
: কিসসু হবেনা। আমার কবিতায় তোমাকে অমর করে রাখবো। দেখতে ইচ্ছে করছে।
: উহু! আজ কোন ভাবেই সম্ভব না। সে জানে আজ আমার কোথাও যাবার প্ল্যান নেই। অথচ....
: অথচ দেখতে চাই। পাগল হয়ে যাচ্ছি বিশ্বাস করো।
: খুব যন্ত্রণা দেন কবি। বুঝতে চাননা।
: ভালোবাসি বলে।
: এটা কিন্তু ভালোবাসা নয়। এটা মোহ, কেটে গেলেই ছুঁড়ে ফেলে দিবেন, জানি।
: ধারণাটা ভুল, আমার ভালোবাসা এরকমই ঝর্ণার মতো অপ্রতিরোধ্য। ভেঙ্গেচুরে......
: খুব পাগলামী করেন, জানেন!
: সে তো তোমার জন্য।
: আমার ভয় হয়।
: যে বিশ্বাস নিয়ে এই হাত ধরেছো, ছেড়ে দিবোনা। যতই বাধা-বিপত্তি আসুক!
: কীযে হবে! একদিন বিপদে ফেলবেন।
: ভয় পাই না।
: ছাড়খার হয়ে যাবে সব।
: পাশে থাকবো।
: সে আমাকে ভালোবাসে, খুব। বিশ্বাস করুন।
: আমিও ভালোবাসি, এই আবেগ তো মিথ্যে নয়!
: কেউ মেনে নিবে না, সমাজ-সংস্কার-আইন সব আমাদের বিরুদ্ধে।
: পরোয়া করি না।
: আপনি কেন এতো অবুঝ!
: কারণটা তুমি জানো।
: বুঝেছি, সন্ধ্যার পর আসুন। পিঙ্ক সিটি, চারতলায় ফুচকার দোকানটাতে। আমি না হয় টেইলর শপটার কথা বলে বের হবো। ও জানে, জামা সেলাইটা ওখানেই………
: না। ওখানে খুব ভিড়।
: একদিন তো বসলাম! মনে নেই! ওয়েটার ছেলেটার সাথে কি দুষ্টুমি যে করলেন!
: তুমি পাশে থাকলে আমি যেন সদ্য কৈশোর পেরোনো...
: জুলফিতে কিন্তু রূপোলী রেখা…..
: উহু! ওটা দৃষ্টিভ্রম। তুমি পাশে থাকলে আমি পূর্ণ যুবক, বয়স পঁচিশ ছুঁইছুঁই।
: আর আমি!
: আঠারোতে পা দেয়া সদ্য যুবতী, যার শরীর জুরে পদ্মফুলের ঘ্রাণ!
: অথচ আপনি জানেন আমাদের বয়স....
: সেতো কিছু সংখ্যা মাত্র, ওসব এনআইডি’র ডাটাবেজেই পড়ে থাক। আমরা চিরকালের হংসমিথুন।
: আপনার সাথে কথা বললে আমি কোথায় যেন হারিয়ে যাই! কেন এমন করেন! খুব ভয় হয় কবি!
: ভয়! কীসের!
: আপনাকে হারানোর।
: ধরে রেখো, শক্ত হাতে। দেখতে ইচ্ছে করছে, খুউব!
: মল্লিকা সেনগুপ্তের ‘পুরুষকে লেখা চিঠি’ বইটা কেনার কথা। আচ্ছা, রিডিং ক্যাফে বনানীতে আসুন।
: আমি কিন্তু অপেক্ষায় থাকবো।
: বললাম তো আসবো। আমি কথা দিলে সেটা রাখি, জানেন তো।
: জানি বলেই তো তুমি আমার।
