: হ্যালো।
: শুনছি, বলো।
: শুনুন, আমাকে আর ফোন করবেন না।
: ঠিক আছে।
: হোয়াটস অ্যাপেও কোন ম্যাসেজ না।
: ঠিক আছে।
: সত্যিই দিবেন না।
: ঠিক আছে।
: সত্যিই কিন্তু!
: বললাম তো, ঠিক আছে।
: তখন থেকেই শুধু ঠিক আছে, ঠিক আছে বলছেন। কোন যোগাযোগ রাখতে চাইনা।
: ঠিক আছে।
: যোগাযোগ না রেখে থাকতে পারবেন!
: বাহ্! তুমিই তো বললে!
: আমি বললেই শুনতে হবে?
: ঠিক আছে, শুনবো না।
: অনেকবার বলেছি, আমার জন্য আপনার যে অনুভূতি তা ভালোবাসা নয়! যে মোহে ডুবেছেন তা সময়েই কেটে যাবে।
: অনেকবার বলেছি, তোমার রূপে ডুবিনি, আমি ডুবেছি তোমার কণ্ঠে। থৈ নাই, থৈ নাই, আমি ডুবে যাই……
: প্রথমদিকে সবাই ওরকম বলে।
: আর কেউ বলেছে কী! সেই প্রবাসী কবি! নাকি ইদানীং যাকে প্রায়ই বিভিন্ন আয়োজনে পাশে দেখা যায়!
: কী যা তা বলছেন!
: সত্যিই বলছি মেঘ, তোমার কণ্ঠস্বরে আমি বৃষ্টি ফোঁটার শব্দ পাই, আমি শুনি ঝরাপাতার গান। তুমি যখন কবিতার লাইন উচ্চারণ করো তখন আমার ভেতরটা ছুঁয়ে থাকে হাজার ক্লিমেটিসের সৌরভ!
: তাহলে শুরু হোক সব, নতুন করে! প্রতিদিন একটা তরতাজা কবিতা, শিশিরের ঘ্রাণের মতোন!
: ঠিক আছে।
: আর প্রতিদিন একটা করে গান।
: আচ্ছা। আমিও ঘুমানোর আগে শুনতে চাই একটা কবিতা, ঠোঁটের কোমল স্পর্শে আধফোটা গোলাপের কলির মতো কিছু শব্দ।
: আর রাতে ঘুমানোর আগে মশারিটা অবশ্যই......
: সেটা মনে আছে।
: আর সারাদিন......
: সারাদিন কী!
: একঘণ্টা পরপর হোয়াটস অ্যাপে নতুন একটা বার্তা। ঘরে ফেরার আগে একটা ফোনকল।
: ঠিক আছে।
: ভালোবাসেন!
: হুম...অনেক।
: কতোটা?
: যতোটা ভালোবাসলে হৃদয় ভিজে জেরবার তোমার উষ্ণতায়!
: ইসস! রাখছি।
: ঠিক আছে।
