কোন এক শনিবারে আমাদের পরিচয়,
কাজের অবসরে টুকটাক কথা, তারপর-
কাজের সূত্রেই দু’একবার কফিশপে বসেছিলাম,
হালকা দৃষ্টি বিনিময়
ফ্রেমে বাঁধা মুগ্ধতা কিংবা
গল্পের বুনোজালে ফসিল সময় নয়,
অভিযাত্রিক হৃদয়ে ছিল কিছু স্বপ্ন
সবুজ ঘাসের ডগায় শিশিরের মুগ্ধতার মতো-
আমাদের ছিল ছুঁয়ে যাওয়া অনুভূতি,
নিকেতনের আধখানা অফিস ঘরটা জানে-
আমাদের গল্পের শুরুটা ওভাবেই,
ওভাবেই আমাদের কাছে আসা।
আমরা কেউ ‘ভালোবাসি’ বলিনি-
অথচ আমরা জানতাম আমরা ভালোবাসি,
বোশেখের দগ্ধ প্রহরে
দীঘিজলে সাঁতরানো কিশোরের মতো-
উচ্ছ্বাসে-আনন্দে ভেসেছিলাম আমি,
তুমিও ভেসেছিলে খানিকটা,
তারপর-
আবেগের কি এক ঘেরাটোপে আমাদের বেঁচে থাকা!
ক্যালেন্ডারের পাতায় সেঁটে থাকা বিকেল-
সহযাত্রী সুখ কিংবা প্রজাপতি সময় জানে
অনুভূতির সবটা মুঠোয় ভরে,
আমরা একদিন ভালোবেসেছিলাম।
আমাদের শুরুটা ছিল মরুর ঊষর বুকে
এক পশলা বৃষ্টির মতো,
পূর্বাকাশ আলো করে একদিন কাছে এসেছিলে,
দু’দন্ড বসেছিলে, তারপর সায়াহ্নের আলোয়-
কফির শেষ চুমুকের সাথে বলেছিলে,
‘এবার তাহলে আসি, ভালো থাকবেন’
ঝরাপাতার মতোন শূন্যতা বিলিয়ে চলে গেলে।
সব গল্পের থাকেনা সফল সমাপ্তি-
কিছু গল্প পথে লুটোয়, কিছু থাকে বিস্মৃতির অতলে,
কিছু কিছু গল্প ওভাবেই-
পুরনো ক্ষতচিহ্নের মতোন জানান দেয়,
একদিন ভালোবেসেছিলাম।
