নতুন মুখের ভিড়ে হারায় পুরনো কিছু মুখ
ছায়ারা মিশে যায় নক্ষত্রের ধারে,
ছোট ছোট দীর্ঘশ্বাস-টুকরো কথা কিছু
চাপা কান্না, তাও চাপা পড়ে থাকে-
রাতজাগা বালিশের ভাঁজে।
কিছু স্বপ্ন- আনকোরা লেখা-পান্ডুলিপি ইত্যাদি
সব মিশে একাকার নতুনের টানে,
এন্ড্রোয়েড ফোনটা জানে-
তুমি জিজ্ঞেস কোরো।
ভালোবেসে কতবার ছুঁয়ে গেছি শার্সিটা
লোহার গরাদ-জানালার চৌকাঠ জানে,
যদি কখনো নাম ধরে ডাকো সে অপেক্ষায়
ছাদের কার্নিশে রেখে গেছি নোনাজল, ছুঁয়ে দেখো,
তোমার জন্য আকাশের নীলে বেঁধেছি ঘর,
কাকজোছনা ভোরে-
বুকের পাঁজরে বিছিয়েছি শীতল পাটি,
গভীর দু’চোখ জানে,
তুমি জিজ্ঞেস কোরো।
ভবঘুরে সন্ধ্যেয় যখন ছুঁয়েছি চিবুকের তিল-
বুঝতে পেরেছো কি চাপা কষ্ট!
হিমঝরা রাতে পাতার মর্মরে
লুকোনো অভিমান যতো-
কপোলের টোলটা জানে, জিজ্ঞেস কোরো,
ও জানে আমার এসব তো নয় পাগলামী-
ছেনালি নয়-অভিনয় নয়, নয় ছোঁয়ার বাহানা,
যখন আমার অস্তিত্বে মিশে থাকো তুমি,
তুমি জিজ্ঞেস কোরো।
