গভীর রাতের দীর্ঘশ্বাস তোমাকে ছোঁবে না,
তোমাকে ছোঁয়ার যে অদম্য বাসনা-
তাও ছোঁবে না জানি,
সহস্র বছরের যন্ত্রণা বুকে তাই ছাই হই,
আমি ক্রমাগত পুড়ে ছাই হই তবু-
তোমাকে ছুঁয়ে থাকার ইচ্ছেটা ফুরোয় না।
আমাদের প্রেমের সাক্ষী হোক নগরীর ফুটপাত-
জেব্রা ক্রসিং-ধূলিকণা-বিজ্ঞাপনের বিলবোর্ড কিংবা
ছাদের কার্নিশে চেয়ে থাকা শালিকের চোখ,
শহরের পথঘাট-ধূসর পাঁচিলে আঁকা হোক-
আমাদের ভালোবাসার উপাখ্যান,
একটি গোয়ের্নিকা আঁকা হোক নগরীর অস্তিত্ব জুড়ে।
অথচ ক্যালেন্ডারের পাতা-দেয়াল ঘড়ির কাঁটা
বালিশের চোখ-নির্বাক অস্তিত্ব জানে-
আমাদের অক্ষমতার কথা,
কখনো দুচোখ মেলে অনিমেষ চেয়ে থাকা,
আকাশ সমান অভিমান বুকে তাকিয়ে থাকা-
কখনো শুধু ওটাই আমার একমাত্র বেঁচে থাকা।
মেঘ, ভালোবাসা বড় স্বৈরাচারী তবু-
তোমাকে ভালোবাসা, এ আমার গনতান্ত্রিক অধিকার!
