কখনও গভীর কালো চোখ হেরে যায় স্বপ্নের কাছে,
তুমিও যেমন-
ঝরা বকুলের মতো নিঃশব্দে সরে গেলে
শুকনো ঘামের দাগ-কিছু পদচিহ্ন সাথে করে,
জমানো সুখ যতো, কান্নার নোনা দাগ
তাও নিয়ে গেলে,
বার্চপাতায় লেগে থাকা মর্মর ধ্বনির মতো-
প্রেমিকেরা হেরে যায় অপেক্ষার কাছে।
কবিতার সবুজ বুকের দিকে তাকিয়ে থেকো,
উপমা কিংবা রূপকের আড়ালে-
নিজেকে একদিন পাবে না খুঁজে, সেদিন জেনো-
তোমাকেও ভুলে গেছি সিঁথির পথে।
পাখিরা একদিন উড়ে চলে গেলে-
পাখার প্রান্ত ছুঁয়ে থাকা ওম
সেও মরে যায়,
স্মৃতির দেরাজে জমে থাকা মলিন ধূসরতা-
কিংবা অনুভূতি একদিন যেন উঠোনের ঘাস,
এভাবেই আমাদের নাগরিক বসবাস।
এভাবেই তুমি আর খোঁজো নাকো জানি
আমিও তোমাকে আর খুঁজি নাকো জেনো,
পুরনো অভ্যাসে তবু খিড়কিটা খুলে রাখা-
জানি না স্মৃতির সুতোয় কেন মালা গাঁথা!
