কিছু প্রশ্নের হয়না জুতসই উত্তর,
বেতাল বাতাসে ফিনফিনে কাশফুল যেমন-
মনের ঘুলঘুলি বেয়ে কিছুপ্রশ্ন এলোথেলো, ঘুরে বেড়ায়,
হৃদয়ের চৌকাঠ ছুঁয়ে থাকে,
কিছু প্রশ্ন ওভাবেই মরে যায়-
ঘোরলাগা দিনে লেগে থাকে এতটুকু নোনাদাগ
প্রশ্নগুলো কখনো ওভাবেই জমাট ফসিল।
কিছু কথা বলবো বলবো করেও বলা হয়না,
নিদাঘ প্রহরে ঝলসানো সড়কের মতোন-
কথাগুলো ওভাবেই পড়ে থাকে, যেমন ঝরাপাতা,
ওভাবেই একদিন মুছে যায়, শিউলির ভোরে
লিখে রাখে আধফোঁটা শিশিরের বুকে-
একদিন আমিও ছিলাম
চোখ ও চকোরীর সবটা জুড়ে।
কিছু অনুভূতি সম্পর্কের দাগ খুঁজে ফেরে,
বিয়ে বাড়ির গেটে যূথচারী কুকুরের মতোন-
বারবার ফিরে আসে, ফিরে যায়,
বেহায়া কোকিলের মতোন দিনভর ডাকে,
তার কণ্ঠে মধুর বয়ান, আমি ভালো আছি-
বেঁচে আছি শুঁয়োপোকাদের মতোন
চিবুকের গৌর দ্রাঘিমা ছুঁয়ে প্রজাপতি হবার অপেক্ষায়।
কিছু কিছু সম্পর্কে ঘটে অকাল ছন্দপতন,
হৃদয়ের চিলেকোঠায় কপাট এঁটে-
অনুভূতি উড়ে যায় যেন শিমুলের তুলো,
অমীমাংসিত রেখে যায় কত কিছু,
কত প্রশ্নের জানা হয়না উত্তর-
জানা হয়না দুরত্বটুকুর যৌক্তিক কিছু কারণ
শুধু মায়া হয়ে তেতো স্বাদ লেগে থাকে ঠোঁটে।
