নিশ্চলা কেউটের মতো রাজপথে সূর্য নামে,
মোমের মতো গলে পড়া তরল রোদে-
এক’পা দু’পা করে খানেক এগোলেই আমাদের ঘর,
আমাদের নগরীতে সারিবাঁধা ছাদের কার্নিশে
অনুভূতিহীন চোখে কারো দগ্ধ প্রহর।
জানালার শার্শীতে জমাট দুপুর চেয়ে থাকে,
চিলেকোঠায় রোদেমাখা একফালি মুখ-
পৌরাণিক দাগ কাটে কোন ছায়াপথে,
ম্যানিকুইন ঠোঁটে তাহার স্বাগত সংলাপ
নিষিদ্ধ যৌনতা তার চিবুকের ভাঁজে।
অবসন্ন শাবলে আর ছেনিতে খুঁড়ে যাওয়া শুধু,
ঝরে পড়া ঠুকোঠুকি-টুকরো আদর-
ক্রমাগত গলে যাওয়া বিষন্ন তাপে,
গোপনে আগুন জ্বেলে তুমি ছায়াবাজি খেলো
ভালোবেসো নাহয় একদিন শরীরের মাপে।
