ভেতর বাড়ি মানে অন্ধকারে ডুবে থাকা ভোর
ক্ষয়ে যাওয়া সুখ আর
অনুভূতির ঝুরঝুরে দেয়াল,
একবার এসে দেখে যেতে তো পারতে!
জানতে তো পারতে-
তোমাকে ছাড়া আমি কীরকম আছি,
কীরকম আছি হৃদয়ের পূর্ণ অমানিশায়!
পাড়ার শূন্য গলি
পীচঢালা রাজপথ
আলো করে যদি নাইবা এলে ফিরে
কী করে জানবে
হৃদয়ের চিলেকোঠা এখনো কতোটা খালি!
যদি নাইবা ছোঁয়ালে আঙ্গুল
শরীরের ঘ্রাণ
ঠোঁটের কোমল স্পর্শে লেগে থাকা সুখ
যদি মাতাল না করলো চৈত্রের দুপুর
কী করে জানবে ভালোবাসা কতোটা গভীর!
দুখের পাঁজরে এখনও মেঘছেঁড়া জল
ঘুণপোকা স্মৃতি
নিমগ্ন আষাঢ়ে প্যালেটের বিষন্ন তুলি,
এখনও দগ্ধ প্রহরে নিষাদ বিকেল-
মেঘডুবি সন্ধ্যা
জলছুট আবেগ
তোমাকে ছুঁয়ে থাকা কিছু বিষাদের কথা বলে।
