আজ আকাশ ভাঙা বৃষ্টি নেমেছিল,
আকাশের মন খারাপ আজ-
আমার মনখারাপের কাছে হার মেনেছে।
জানালার শার্সীটা টেনে দিয়ে বসে আছি,
স্মৃতির দেরাজ খুলে বসে আছি-
দিনের বাসি পেপার আর সিগারেটের ছাইয়ে।
তুমি নেই তাই,
সমস্ত আলো ঝলমলে দুপুর ফিরে গেছে-
ফিরে গেছে তোমার অনামিকায়,
আর আমি!
কীরকম গাঢ় ছোপছোপ অন্ধকার-
নিয়ে বসে আছি আমার অপেক্ষার কাছে।
তুমি যেন-
রঙিন উদোম রোদ্দুরের ক্যানভাসে-
তুলির আঁচরে এঁকে দিলে বিষাদের মুখ,
আর তাই অমন ঘনঘোর-
বিষন্নতা মেখে আছে চারদিক, দালান-কোঠা-
বিষন্নতা মেখে বসে আছি আমিও।
তুমি আমার শহরটা কাঁদিয়ে চলে গেলে-
শহরটা আজ কাঁদছে,
কাঁদছে ছাদের কার্নিশে শালিকের চোখ-
নুয়ে থাকা গোলাপের ঝাঁড়-দোলন চাঁপা
বিপন্ন প্রজাপতি-বিষণ্ণ ঘাসফড়িঙ,
কাঁদছি আমিও।
