যদি এটাই শেষ দেখা তবে-
মেঘঘুরন্তি মানুষ তুমি একটু না হয় বোসো,
কফির কাপে আরেকটু সন্ধ্যা নামুক,
রোদ ঝলমল আলোর ঝিলিক চিবুক ছুঁয়ে থাকুক
সাক্ষী হোক হৃদয় ভাগাভাগির।
না হয় আরেকটু সময় কাটুক-
রঙমিলান্তি নীরদ আঁচল ভিজুক
এই নগরের ব্যস্ততাটুক জানুক,
এইখানে ভালোবাসার মৃত্যু ঘটেছিল-
দীর্ঘশ্বাস ছুঁয়ে থাকুক ঠোঁটের কোমল আবীর।
এটাই যদি শেষ সংলাপ, ‘ভালো থেকো’
চোখপলান্তি আদর-সোহাগ পাথরচাপা রেখো,
দেখা যদি হয়েই যায় ভাববাচ্যেই ডেকো
বাকীর খাতায় লিখে দিলাম জীবন-
এরপর না হয় অন্য চোখেই দেখো।
