শিমুল তুলোর মতোন ছুঁয়ে গেছে শুধু
মনের চৌকাঠে কখনো রাখেনি জলছাপ,
ঠোঁটের কার্নিশে জমানো অভিমান যতো
অঘ্রানের কুয়াশায় মিলিয়ে গেছে
পোড়াচোখ রাখেনি মনের খবর-
ভুল অনুবাদে পড়ে গেছে চোখের সংলাপ!
নিদাঘবেলা ফিরে গেছে অতীতের কাছে
পাঁজর ছুঁয়ে গেছে নোনাজল গভীর,
স্মৃতির ক্যানভাসে বলে গেছে শুধু
ভালোবাসা এসেছিল বেতাল মেঘে
ভালোবাসা এসেছিল জোয়ারের মতোন-
হরজাই অনুভূতি ব্যাকুল অধীর!
ঘাসের ডগায় যেমন ছুঁয়েথাকা ভোর
পাটকিলে বিকেল জমা চিবুকের ভাঁজে,
হৃদয় চৌপটে পেতে জলছবি মুখ
বিরহ ধারাপাতে একেলা হাঁটি
বুকের উঠোনে জমাট বিষাদের ভাষা-
মেঘডুবি সন্ধ্যায় আজো অপেক্ষায় থাকি।
