‘দ্য পারসিসটেন্স অব মেমোরি’ ছবিটার কথা মনেপড়ে!
সালভাদর দালির সুররিয়ালিস্ট ছবিটার মতো
শহরের দালানকোঠা-রাজপথ-মেট্রোরেল গলে পড়ছে,
তোমার ঠোঁটের মতোন তপ্ত হবার প্রতিযোগিতায় নেমেছে
জানালার চৌকাঠ-সানশেড-ঝুলানো পর্দা-গ্রিল সবকিছু,
ছাদের কার্নিশে একটা কাক প্রবল তৃষ্ণায় কা কা রবে
দুপুরের নির্জনতাকে দ্বিখন্ডিত করে রেখেছে-
বক্ষ বিভাজিকার মতো।
রোদজ্বলা দুপুরে তোমার সেই প্রতারক চোখের মতো
ভাত শালিকের করুণ চাহনি আমাকে স্পর্শ করে না
আমাকে স্পর্শ করে না কারণ শহরে লু হাওয়া বইছে,
সঙ্গম শেষের নিঃশ্বাসের মতো-
৪২ ডিগ্রি তাপমাত্রায় রাজপথের বিটুমিন উড়ে যায়।
হঠাৎ সিঁড়িঘরে প্রথম চুমুর প্রথম শিহরণের মতো
পলকা হাওয়ার ছোঁয়ায় নগরীর বুক কেঁপে ওঠে
বারান্দার টবজুড়ে স্নিগ্ধ বোগেনভিলিয়া কেঁপে ওঠে
রশিতে ঝুলানো সেমিজ-পাজামা-অন্তর্বাস কেঁপে ওঠে,
অথচ শহরের উত্তাপ বাড়ে আরও কয়েক ডিগ্রি!
এই বৈশাখে প্রবল তাপদাহে পুড়ে যাওয়া নগরীর মতো
আমাদের ভালোবাসাও আজ পুড়ে ছাই,
সিগারেটের ধোঁয়ায় তোমার স্মৃতি আকাশে পাঠিয়ে
আমি এখন অন্য আকাশের সাথে কথা বলি।
