আজ কোন স্মৃতি নেই,
দগ্ধ প্রহরে জানালার চৌকাঠ ছুঁয়ে যাওয়া
গোপন অনুভূতি নেই,
মনের অমন বিষাদ গভীর আজো ছুঁয়ে থাকে
ফেলে আসা বিবর্ণ পদচিহ্ন,
তারা কথা বলে-
শুকনো পাতার মর্মর ধ্বনির মতোন,
হৃদয় তোরঙ্গে জমাট বাঁধে মলিন দীর্ঘশ্বাস!
চিলের ধূসর ডানায় পৃথিবীটা রঙ বদলায় অথচ
দিন ফুরাবার গল্প নেই,
চায়ের কাপে নেই মেঘডুবি সন্ধ্যা-
নেই ঘড়ির কাঁটায় অপেক্ষার ঘুণপোকা,
আছে নীলিমার মাঝে ক্ষয়ে যাওয়া অনুভূতি-
নুড়ি-পাথরের আড়ালে পরিযায়ী স্বপ্ন।
গল্পটা এনহেদুয়ান্নার কিউনিফর্মে
এক রমণীর প্রতারণার শিলালেখ,
যার চিবুকের টোলে মাচুপিচু রহস্য খেলা করে-
চুলের কালো বন্যায় অপ্রেমের দীর্ঘ ইতিহাস!
