আমার কাছে হেমন্ত মানে বিষাদ ঘন দিন,
পাতাঝরা দুপুরে মর্মর ধ্বনির সাথে-
জমাট বিষন্নতা মেখে কারো ফিরে যাওয়া
শহরের বুকে পড়ে থাকে পদচিহ্ন, তার হাতে-
ছায়া মাড়ানোর সুখ
আর আমার বুকচাপা দীর্ঘশ্বাস,
শিউলির ঘ্রাণে নারী ফিরে যায়।
তার ফিরে যাওয়া মানে জমাটবদ্ধ সময়,
থমকে যাওয়া কুচকাওয়াজ-
কপোলের টোলে স্তব্ধ ঘড়ির কাঁটা
আকাশ সমান অন্ধকার আর আজ-
আজ শুধু অন্ধকার, ঘন ঘোর অন্ধকার
গোমড়া মুখে তাকিয়ে থাকা পৃথিবীর অবয়ব,
নারীর কাছে থাকেনা প্রত্যাশা।
পাখিদের ফিরে যাওয়া গাঢ় থেকে ফিকে,
মেঘের আড়ালে আকাশ-খোলা প্রান্তর-সবুজ ঘাসে-
নিঃসীম ভাঁজে তার শরীরের ঘ্রাণ
মিশে থাকে আজো সন্ধ্যার বাতাসে-
মোমের শিখার মতো কাঁপা কাঁপা আজানের সুর
আঁধার ঘন করে রাখা একটা দুটো তারা,
নারীর কাছে নেই প্রাপ্তির অমোঘ বিধান।
