অমন বর্ষানামা চোখ কেউ না দেখুক-
স্ফটিক চূর্ণের মতো ঠোঁটের দ্যুতিতে
আর কেউ না তাকাক,
গঙ্গোত্রী গ্লেসিয়ারের হিম-শীতল গাম্ভীর্যে-
পেশাদারিত্বের কাঠিন্যে নিজেকে আড়াল কোরো-
নইলে একদিন ধরা পড়ে যাবে,
সত্যি বলছি, ধরা পড়ে যাবে একদিন-
ট্যাবলয়েডের পাতায় লেখা হবে প্রেমের গোপন ইতিহাস।
চুলের অমন গভীরে কেউ না হারাক-
কপোলের কালো তিল লুকিয়ো সিন্দুকে,
চিবুকের টোল জমা থাকুক ব্যাঙ্কের নিষিদ্ধ ভল্টে-
অনুভূতির খুচরোরা তোলা থাক এনআইডি'র ডাটাবেজে।
তা না হলে সবাই জেনে যাবে, জেনে যাবে একদিন-
এক উজ্জ্বল নক্ষত্র বেড়াতে এসেছিল আমাদের নগরীতে,
জেনে যাবে নক্ষত্র আর আধপোড়া কবি’র গল্প-
যারা একদিন ভালোবেসে ছিল।
আমি কিন্তু দারুণ সত্যবাদী-
যদি কেউ জিজ্ঞেস করে, নির্ঘাত বলে দেবো
বিশ্বাস করো বলে দেবো, একদিন ভালোবেসে ছিলে,
তারপর যা হয় হবে, একটা কিছু তো হোক,
হয়তো দ্রাঘিমা ছেড়ে আরো দূরত্বে সরে যাবে
আমার জন্য হয়তো একরাশ ঘৃণা কিংবা কিছু দীর্ঘশ্বাস
হয়তো একটা ফুজিয়ামা, তবে তাইই হোক
তোমাকে ভালোবেসে নাহয় আমার একনদী শোক!
