আজন্মের অভিমান বুকে সে ফিরে গেছে
নিয়ে গেছে খুচরো পয়সার মতো-
একটা একটা করে জমিয়ে রাখা স্মৃতি,
জমাট অভিমান-ফসিল অনুভূতি
সে চলে গেছে বিকেলের ছায়ার মতোন।
নিবিড় আলিঙ্গন-চোখের মায়া ছেড়ে
সে ফিরে গেছে ঘন বরষার শেষে-
তার পায়ের ছাপে সে ফিরে গেছে,
জমে থাকা স্মৃতি-পলল ভূমির মতো
ক্ষয়ে যাওয়া সুখ, সব ফিরে গেছে।
মাটির ঘ্রাণের সাথে এক চিলতে ভূমি
পুরনো বসতভিটে গাছের ঝুরি-
শেকড় বাকল কোমল গান্ধার,
নুয়ে পড়া মায়া ভোরের দূর্বাঘাস
সব ফিরে গেছে তার ছায়ার সাথে।
সে ফিরে গেছে পাখিরা যেমন ফিরে যায়
ঘামের বুকে সোঁদা গন্ধ মেখে-
ফিরে যায় সকল চাওয়া সাথে করে,
যদি সে তাকাতো ফিরে দেখতে পেতো
একজোড়া চোখ কতোটা বৃষ্টি ধারণ করে।
