চলে যাই বললেই কী যাওয়া হয়!
স্পর্শ তো লেগে থাকে,
ছায়ারা সরে গেলেও জমে থাকে স্মৃতি।
তাহলে!
আমরা আসলে যাইনা,
আমরা ছুঁয়ে থাকি স্পর্শ হয়ে-
স্মৃতি হয়ে।
যেমন পাখিরাও উড়ে গেলে
পড়ে থাকে পালকের চিহ্ন,
ঝরা পাতা! সেও তো ধরে রাখে স্মৃতি-
কান পাতলেই বাজে মর্মর ধ্বনি,
সবুজের বুকে বাতাসের ওম-
তাও ছুঁয়ে থাকে পৃথিবীর সাথে,
শিশিরের শব্দ সজনের ডালে-
বাঁশপাতা ছুঁয়ে থাকে জোছনার আঁচল,
কাঁচপোকার ভাঙে ঘুম ফিঙের ঠোঁটে
বাতাসে দোল খায় হিজলের ফুল,
সোঁতা জলে ফড়িঙের মুখ-
সেও তো স্মৃতি রাখে ধরে!
যেমন শিমুলের তুলো-
সেও তো খুঁজে ফেরে অতীতের স্মৃতি!
আর তুমি!
তুমি রেখে যাও শরীরের ঘ্রাণ।
আমরা কেউ আসলে যাইনা,
আমরা ছুঁয়ে থাকি শরীরের সাথে-
আরেকটা শরীর হয়ে।
