তারচে এইই ভালো,
এই যেমন দূরত্বে আছে ছোঁয়ার বাহানা-
স্পর্শও দূরত্বে আছে সময়ের মাপে,
কফির কাপের আড়ালে তাকানোর নেই প্রত্যাশা,
এভাবেই দূরত্বে থেকো দীর্ঘ একটা জীবন-
কেউ বলতে পারবেনা
আমরা কোনদিন ভালো বেসেছিলাম।
বেলোয়ারির টুংটাং ধ্বনির মতো-
সারাদিন টুকটাক কথা বলো কিংবা বোলো না,
বরং চুপ করেই থেকো অথবা
কর্মব্যস্ততা আর একঘেয়েমির অবসরে-
উঁকি দিয়ে যেয়ো হৃদয় অলিন্দে,
কিন্তু কখনো দরজার কপাট খুলোনা-
অপেক্ষার পালা গুনে ওতে ঘুণ ধরে গেছে।
এই যে কতোটা কাছে-
তবুও আমরা আলোকবর্ষ দূরে,
হেমন্তের বাতাস ফিরে গ্যাছে অভিমানে-
চিলের ডানার রোদ সেও ফিরে যায়, স্পর্শ করেনা।
দু’চোখের ব্যবধানে তোমার যে বসবাস-
তাও তো স্পর্শহীন!
তুমি বরং এরকমই থেকো অনুসুয়া!
অযথা কাছে এসোনা,
যতোটা কাছে এলে লোকে একে প্রেম বলে।
