আমাদের আর দেখা না হলেই ভালো,
অসময়ের টুংটাং, ঘুমচোখের জানালায়
প্রতিনিয়ত প্রজাপতি থেকে শুককীটে ফেরা,
সময়ের বিষম উলম্ফন! সবশেষে-
অপেক্ষার পশ্চিম দেয়ালে মাথা কুটে মরা!
এসব আর ভালো লাগে না।
ক্যালেন্ডারের পাতায়-
তোমার সাথে প্রতিটা দেখাই সঞ্জীবনী,
কথার টুকরো রা যেন বেঁচে থাকা,
আর চলে যাওয়া .......
তুমি বরং মেরেই ফেলো-
এভাবে বাঁচিয়ে রেখোনা।
রাতগভীরের নিঃসঙ্গ রিঙটোন
সময় আর সম্পর্কের সীমাবদ্ধতার কথা বলে,
ভুল রেসিপির অনিশ্চিত পদযাত্রায়
প্রতিনিয়ত এপিটাইজারেই থমকে থাকা-
ডেজার্ট অবধি পৌঁছানো হয়না, তারপর-
কি এক ইনফার্ণোতে ক্রমশঃ তলিয়ে যাওয়া।
এ এক অসহ্য যন্ত্রণা!
আমি বরং......
ঠোঁটের কোণে লেগে থাকা শেষ হাসিটাই
দু’চোখে মেখে রাখতে চাই।
সম্পর্কের কাঁচে ধুলো জমে গেলে
পকেটের খুচরো রা জানান দেয়
এক জীবনের ব্যবধানে আমরা,
আমাদের হাতের মুঠোয় না আছে বর্তমান
না আছে ফিক্সড ডিপোজিটের ভবিষ্যত।
