কিছু কিছু কষ্ট থাকে সুখের মতোন-
একলা মানুষ পাখির মতোন পুষে থাকে
বুকের ভেতর খুব যতনে লুকিয়ে রাখে!
একলা মানুষ মন খারাপের বৃষ্টি হলে
উদাস চোখে পথের দিকে তাকিয়ে থাকে,
অঝোর ধারার শ্রাবণ জলে সব ধুয়ে যায়
শুধু পথের মাঝে পড়ে থাকা একলা নুড়ি-
পাথরকুচি ভেসে ওঠে, স্মৃতি যেমন,
কষ্টগুলো ভেসে ওঠে-
ভেসে ওঠে লাশের মতোন,
আমি শুধু কষ্ট জমাট জমিয়ে রাখি-
লাশের মতোন, লাশ হয়ে সব জমিয়ে রাখি।
কিছু কিছু কষ্ট আছে নদীর মতোন-
একলা মানুষ বুকের ভেতর নদী পোষে
বুক গভীরে কার নোনাজল লুকিয়ে রাখে!
একলা মানুষ নদীর ঘাটে বসে থাকে
ডাহুক চোখে ঢেউ এর দিকে তাকিয়ে থাকে,
নদীর যেমন কষ্ট আছে সব হারানোর
আমার তেমন কূল ভাসানো কষ্ট আছে-
কষ্ট আছে বুকের ভেতর, সুখও আছে,
কষ্টগুলো সুখের মতোন-
জড়িয়ে রাখে কাঁথার মতোন,
পোষের রাতে হিম সাগরে জড়িয়ে রাখে-
চন্দ্রযুগল যেমন করে ওম জমিয়ে জড়িয়ে রাখে।
কিছু কিছু কষ্ট আছে সুখের মতোন
কিছু কিছু কষ্ট থাকে নদীর মতোন
একলা মানুষ বুক পকেটে জমিয়ে রাখে।
