নগরের বুকে জাগতিক ক্লান্তি-
শোনিতে-স্বেদে নগর ঘুমায়
বুক পকেটের শুকনো গোলাপ
মলিন চিঠি-পুরোনো স্মৃতি, সকলি ঘুমায়।
শুধু জেগে থাকে জানালার চৌকাঠ আর
শার্শীতে ভেসে থাকা আবছায়া মুখ।
করোনার মারীতে নগর ডুবুডুবু-
পার্কের সবুজ গালিচা, সৌধপীঠ
রেস্টুরেন্টে লঘু সুর-মোমের আলো
সবই যেন ধূসর, পোড়ো ইতিহাস।
ভালোবাসা হেন দূরের অভিলাষ, শুধু
শার্শীতে ভেসে থাকে আবছায়া মুখ।
একদিন ফুরোবে অমানিশা-আঁধার-
উঠবে রঙিন ভোর, ঘুমন্ত নগর
আড়মোড়া দিবে-জেগে উঠবে
শত কর্মব্যস্ততার করে অবসান।
জানি হাতছানি দিবে, প্রতীক্ষার শেষে
শার্শীতে ভেসে থাকা আবছায়া মুখ।
