আমাদের আবারও দেখা হবে জানি-
অন্য কোথাও অন্য কোনো আকাশের চাঁদোয়ায়,
আমাদের দেখা হবে লক্ষ-কোটি বছর পরে হলেও,
পলকা বৃষ্টির শেষে বিকেলের নরম রোদের মতো
তোমার চিবুক স্পর্শ করার অবোধ্য অভিলাষ
আমাকে ছুঁয়ে যাবে জন্ম থেকে জন্মান্তরে।
তোমার জানালার চৌকাঠে স্থির ফড়িঙের-
অদম্য বাসনা নিয়ে এতটুকু ভালোবাসার জন্য
আমি জানু পেতে রইবো, যদি তুমি চাও-
চকোরীর চোখে আমাদের আবারও দেখা হবে
চন্দ্রাতপ ছায়ায়, সবুজ ঘাসের বুকে তুমি-আমি-
আমাদের ছুঁয়ে যাবে রঙিন তরুণ প্রজাপতি।
রিলকের-লোরকার মতো প্রতিটা মৃত্যুতে-
অভিশপ্ত সিসিফাসের মতো প্রতিটা জেগে ওঠায়
আমি ভালোবাসতে চাই, হে প্রেয়সী আমার!
তোমাকে ভালোবাসার কি এক দুরারোগ্য ব্যাধি
ঘুণপোকার মতো কুড়ে খায় অন্তর, তুমি জানোনা
কতোটা নিঃশেষে আমি স্খলনে মিশে যেতে চাই।
ফিনিক্স পাখির মতো প্রতিটা জন্মে নিশ্চিত-
আমি ভালোবাসার কথা বলে যাবো, কেননা
তোমাকে ভালোবাসার অদম্য যে বাসনা
তা থেকে আমার মুক্তি নেই, একই কবোষ্ণতায়
আমাদের দেখা হবে প্রতিটা ফিরে আসার গল্পে,
আমাদের দেখা হবে হয়তো অন্য কোন অবয়বে।
