জানি একদিন সব ঠিক হয়ে যাবে
ধুয়ে যাবে সব বিষন্নতা
মারী ও মড়কে আক্রান্ত এই নগরী
শ্বাস ফেলবে মুক্ত আকাশে।
আমি সেই দিন জেনো-
জমাট শূন্যতা বুকে
ছাদের কার্নিশের ঐ খানে দাঁড়িয়ে
ঐখানে শিরীষের ছায়ায়
তারাদের কাছে মেলে দিবো
জমানো কষ্ট, নিভে যাওয়া সুখ।
আকাশের কাছে বলে দিবো
আমার আকাশের গল্প,
সব হারিয়ে অখন্ড নির্জনতায়
আমি বলে দিবো একটা নির্ঘুম রাত্তিরে
কোন এক রমণীর আততায়ী হাতে-
আমার স্বপ্ন খুনের গল্প।
