হয়তো হবে না দেখা কোনদিন-
শুধু রয়ে যাবে তুমি স্মৃতিতে আমার,
অফিসের কাজের ফাঁকে, করিডরে অবসরে কিংবা লাঞ্চব্রেকে
খুঁজবে চঞ্চল দুচোখ তবু আর পাবেনা খুঁজে আমায়।
হয়তো হবে না বলা কোনদিন আর-
জমানো কষ্ট, অপেক্ষার জ্বালা আর বুকের জমাট ব্যথা
না বলা কথা থেকে যাবে ঠোঁটের কোণায়
হয়তো হবে না বলা দিনগুলো কিরকম ছিল ভালোবাসায়।
এখনো ভাবি তোমার কথা-
নীরবে কোলাহলে হাজার জনের মাঝে
ক্লান্ত দুচোখ শুধু খুঁজে ফেরে একটা প্রিয়মুখ, যাকে
বলা হয়নি যা বলার ছিল কতোটা ভালোবাসি তোমায়।
এখনো আমি রাত জাগি, আকাশের তারা গুনি-
স্মৃতির পোড়া ছাইয়ে ছাইদানি ভরে ওঠে
জানালার কার্নিশ বেয়ে বৃষ্টির ছাঁট এসে এখনো ভেজায়
লেখার খাতা আর আমি চেয়ে থাকি, তোমার অপেক্ষায়।
