কাঁচের স্লাইডিং দরজাটা ঠেলে ভেতরে ঢুকছিলে তুমি-
আর আমিও বেড়োবো বলে দরজাটার পাশে দাঁড়িয়ে,
মুহুর্তেই সময় কাল যেন স্থির হয়ে গেলো ছাপচিত্রের মতো
থমকে দাঁড়িয়ে দুজন, ক্ষণিকের বিহ্বলতা কাটিয়ে-
: কেমন আছো?
: ভালো। তুমি?
উত্তর দিলে নাকি দিলে না বুঝিনি, তবে তারপর চুপচাপ
খানিকটা নীরবতার পর,
:৯১ সালের পর আর দেখা হয়নি। নাহ্!
:হুম। মাঝে অনেকটা বছর কিভাবে হারিয়ে গেলো!
বুকের গভীর থেকে আবেগের ঘূর্ণি পাক খেয়ে কোথায় মিলিয়ে যায়!
তোমার মায়াবী চোখে এখন ক্লান্তির ছাপ, জুলফির প্রান্তে রূপোলি আভা
পৃথিবীর বয়সী নারীদের মতো তুমিও বুড়িয়ে যাচ্ছো মানতে কষ্ট হয়!
