ভালোবাসা মানে শঙ্খ লাগার মতো-
শরীরের সাথে শরীর আষ্টেপৃষ্ঠে বেঁধে থাকা নয়,
নিঃশ্বাসের মাঝে ডুবে থাকা, তাও নয়
ভালোবাসা মানে নিঃস্ব হবার প্রতিযোগিতা
ক্রমাগত ক্ষয়ে যাওয়া পাললিক শিলার মতো।
রূপ থেকে অরূপের সন্ধানে-
মোক্ষ লাভের বাসনায় একাকার হয়ে যাওয়া।
ভালোবাসা মানে ছায়ার মতো-
একে অপরের সাথে সর্বক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকা নয়,
ওতে একসময় বিরক্তি ধরে যাবে, তাই
ব্যাকুল হবার তীব্র অনুভূতিটুকুর জন্য
দুজনার মাঝে অন্তত এক চিলতে উঠোন রেখো।
তবে দুজনের মাঝে ততোটা নয়-
যতোটা রাখলে তৃতীয় কোন সত্তা ঢুকে পড়ে।
ভালোবাসা মানে মুখচ্ছবির মতো-
কান আর ফোনের পর্দায় ফ্রেম বন্দী হয়ে থাকা নয়,
নিয়ম রক্ষার চেয়ে বরং কথার পাহাড় জমতে দিও
নিজেকে প্রশ্ন করে পরিমিতিবোধ টুকু জেনে নিও
আর অনুভূতির চূড়োয় একটু মেঘ জমতে দিও।
তবে একটা বরষার অপেক্ষায় রেখো না-
অধিক বরিষনে ভালোবাসা ভেসে যেতে পারে।
