এই যে কাঁচের শহর, ঝকঝকে বিল্ডিং-
জবুথবু ল্যাম্পপোস্ট, ঘামে ভেজা রাজপথ
জেব্রা ক্রসিং, ছেঁড়া জুতো-স্যান্ডেল
ধোঁয়াসা-কুয়াশা, ধুলোমুখো সন্ধ্যে
মুখের বার্নিশে, জানালার কার্ণিশে বায়সের পাঁচালী।
এই শহরটা আমার না।
লকডাউনের শেষে, ছড়িয়ে পড়েছে ঠিক-
সীসা আর কার্বন, জীবনের সংগ্রাম
ব্যাক লাইট-সাইরেন, বনসাই স্বপ্ন
আধ পোড়া সিগারেট, পানের পেয়ালা-পিক
ইস্ট্রৌজেনে চুপিসারে, টেস্টোস্টেরনের মৌতাত।
এই শহরটা আমার না।
আমার শহরটা হারিয়েছে নির্জলা দুপুরেই-
চুরি গেছে মুখোশে, চুরি হওয়া শহরে
দেয়ালের ফোকরে-উপচানো ডাস্টবিন
টুংটাং-রিকশা, ঘামে ভিজে এক শা
ধুকধুক-ফুসফুস,স্বাস্থ্য আইনে-নিওনের সাইনে।
এই শহরটা আমার না।
