সে আমার প্রেমিকা ছিল

কবিতা এভাবেই বিষাদে, সংলাপে
সে আমার প্রেমিকা ছিল

বৃষ্টির ছাঁটে ডানা ঝাপটানো শালিকের মতো 

কফিশপের দরজাটা ঠেলে যে নারী বেরিয়ে গেল  

একটু আগেও সে আমার প্রেমিকা ছিল,  

আমাদের দুশো ঊনসত্তর দিন-সাড়ে চার ঘন্টার সম্পর্কে 

         একটু আগে যতিচিহ্ন টেনে দিয়ে সে চলে গেল।


নারী জানতো না চিবুকের লক্ষণরেখা পেরিয়ে 

আমি কখনও তার শরীরের ভাঁজে তাকাইনি  

অথচ আমার খুব তাকাতে ইচ্ছে করতো,  

নিস্পৃহতার পিরান পরে দেখেছি তার মসৃণ গন্ডদেশ 

গভীর টোল অথবা কপোলের কালো তিলবিন্দু।


অথচ আমার ইচ্ছে করতো আগ্রাসি পিরহানার মতো 

তার ঠোঁটের অমন কোমলতা ছুঁয়ে থাকতে 

অথচ আমি কখনও তা স্পর্শও করিনি,

ইচ্ছে করতো গ্রীবার চুল সরিয়ে নাকটা গুঁজে দিতে অথচ 

কী অদ্ভুত এক ঔদাসিন্যে নিজেকে করেছি সংবরণ!


তাকে দিয়েছি নিখাদ ভালোবাসা, সেও দিয়েছিল 

হয়তো চেয়েছিলাম যতটা, তারচেয়েও বেশি 

আমার সারাটা বেলা তুমিময় করে রাখতো, 

অভিমানের আড়ালে আমাদের গোপন ভালোলাগা 

খুচরো পয়সার মতো জমা হতো অভিসারের অনিশ্চয়তায়।


কখনো কখনো সম্পর্ক টেনে লম্বা করতে নেই,   

ছেঁটে ফেলাই হয়তো উত্তম! সে হয়তো তাইই করেছে,  

এখন থেকে উচ্চারিত হবে আমাদের সম্পর্কহীনতার গল্প,

আমরা হয়তো এভাবেই, এভাবেই হয়তো একদিন-

অবসরে স্মৃতিচারণ করবো বলে একদিন ভালোবাসি।



পোস্ট ভিউঃ 80

আপনার মন্তব্য লিখুন

আমার শব্দযাত্রায় সঙ্গী হতে