ঝরাপাতার সংলাপ

কবিতা এভাবেই বিষাদে, সংলাপে
ঝরাপাতার সংলাপ

নিস্তব্ধতার নিজস্ব একটা ভাষা আছে,  

গাছেরা যেমন-  

হেমন্ত এলে শাখায় শাখায় পাতার কানাকানি                    

পুরোনো পাতারা খসে পড়ে ঘাসের সবুজ বুকে

            বাতাসের সাথে ঘর পালাবার গুঞ্জন, 

ভালোবাসার কিউপিড আহবানে-     

নতুন সবুজ পাতা কেঁপে ওঠে, জানিয়ে দেয়   

জেগে আছি আমি, এ বেলার উত্তরাধিকার!  

অথচ গাছেরা রাখেনি খবর  

ঝরাপাতার শেষ সংলাপ! ছেড়ে যাবার আকুতি!  

বোঝেনি, কাউকে ছেড়ে থাকার কষ্ট কতোটা অধীর!    

কখনো কখনো যতোটা বলা হয়-

                   তারচে বেশি হয় নিশ্চুপ থাকা,   

কখনো চুপ থেকেও অনেক কথা বলা হয়ে যায়।  

কখনো কখনো মানুষ যতোটা বলে-  

হৃদয়ের জখম জানে, সয়ে যায় তার চেয়েও বেশি,   

অপেক্ষার দু'চোখ জানে-

   অভিমানেরও নিজস্ব ভাষা আছে, নীলাভ গভীর!



পোস্ট ভিউঃ 18

আপনার মন্তব্য লিখুন