এভাবেই অপেক্ষায়

কবিতা এভাবেই বিষাদে, সংলাপে
এভাবেই অপেক্ষায়

আমাদের প্রথম দেখা ঠিকুজি-কোষ্ঠী যাচাই করে হয়নি,   

প্রথম দেখায় ভালোবাসা! তাও হয়নি-   

বৈতালিক বাতাসে আমাদের দেখা হয়েছিল  

কথা হয়েছিল কফিশপ তাবাকে,  

বলা, না বলার পুরোটা মুহুর্ত মুগ্ধ করে রেখেছিলে।   

গ্রুভবিস্ত্রো'তে ছিল মন ছুঁইছুঁই সন্ধ্যা,  

সিক্রেট রেসিপি'তে লুকিয়ে দেখা, আর এভাবেই……  

স্প্যারো'তে ভালোবাসা যেন ভেজামেঘের দুপুর!    

তারপর রেললাইনের সমান্তরাল রেখায় 

নুড়ি-পাথরে সাক্ষী রেখে আমাদের পথচলা।    

আমাদের ছিল শ্যাওলার জীবন, শুধুই ভেসে যাওয়া, আর মন!  

পাখির ভিন্ন সংস্করণ বৈ কিছু তো নয়!  

দগ্ধ প্রহরে নির্জন বাতাসের মত জানালার চৌকাঠে ফিরে আসে  

নিজের সাথেই কথা কয়, 

আমাদের ছিল বলা, না বলায় ছুঁয়ে থাকার ব্যাকুলতা।  

অথচ সময়ে সব বদলায়, মানুষ-মানচিত্র-জনপদ-ঘরের খুঁটি,   

প্রেমিকা! সেও বদলায় দলছুট কথার ভিড়ে,    

আজ পেয়ালা'তে ভালোবাসা বিষাদ ছুঁলো-  

তুমি দরজা ঠেলে চলে গেলে, ফিরে তাকালে না,   

আমি তারপরও কিছুক্ষণ…… 

তোমার অপেক্ষায় ওভাবেই চুপচাপ, তুমি জানলে না,  

চামচের সাথে কফিকাপের টুংটাং শেষে   

নিঃসঙ্গতার ভারে বাইরে এসে দাঁড়িয়ে- 

সিগারেটের ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছুঁড়ে দিয়ে ভাবছিলাম,  

গুলশান দুইয়ের ব্যস্ত ফুটপাতে বেড়ে ওঠা হিজল গাছটা  

আর আমি, এই শহরে বড্ড বেমানান!  

এই শহরে প্রতিমুহূর্তে কতশত সম্পর্কের মৃত্যু ঘটে 

আমাদের মতো, আমরা যেমন দাঁড়িয়ে ভুল সময় ও অভিজ্ঞতায়    

এভাবেই হয়তো কেউ না কেউ, কারো অপেক্ষায় রোজ-  

কারো অপেক্ষায় এভাবেই হয়তো একেকটা দীর্ঘ জীবন! 

আমিও নাহয় একটা জীবন অপেক্ষায় রেখে গেলাম

                                     তোমার অপেক্ষায়।



পোস্ট ভিউঃ 19

আপনার মন্তব্য লিখুন