একদিন

কবিতা এভাবেই বিষাদে, সংলাপে
একদিন

শুকনো পাতার মর্মর ধ্বনির মতোন-     

দ্বাদশীর চাঁদ বুকে ফিরে যাবো মৃত্তিকার কাছে 

মনভাঙানোর দীর্ঘশ্বাস ছুঁয়ে যাবে মলিন দূর্বাঘাস,  

এই পৃথিবীর রাতজাগা পাখিদের মতোন 

আমাদের এই কমলা রোদের দিন রয়ে যাবে- 

আমাদের এইসব কথা রয়ে যাবে পথের ধূলোয়, 

সেই দিন তুমি নেই- আমি নেই  

ঝরা বকুলের ঘ্রাণ রয়ে যাবে তবু, 

পানকৌড়ির কাতর চীৎকার কিংবা 

ডাহুকের ঘুমভাঙ্গা ঠোঁটে ভোরের কোমল বিভা   

আর দেখা হবে নাকো। 

নিস্তব্ধতার জমাট আবেগ ছুঁয়ে- 

শেষ ট্রেন ফিরে যাবে গন্তব্যের কাছে  

অথচ আমি ফিরবো না, 

তুমিও ফিরবে না গুমটি ঘরটির মতোন 

রহস্য রয়ে যাবে চোখের ভাঁজে।  

ভবঘুরে যুবকেরা গেয়ে যাবে একদিন জীবনের গান 

ফ্রেটবোর্ডের স্বরলিপি লেখা হবে নতুন ধাঁচে 

নগরের পাঁচিলে সুবোধ গ্রাফিতির মতোন,   

চায়ের শুকনো কাপে পড়ে থাকা চিনির মতোন,

অনুভূতির খুচরোরা রয়ে যাবে তবু বলা হবে না- 

বলা হবে না একদিন ভালোবেসেছিলাম,

তোমার চোখের গভীরে দেখেছিলাম পৃথিবীর ছায়া

তোমার বিবাগী ঠোঁটে একদিন চুমু খেতে চেয়েছিলাম।



পোস্ট ভিউঃ 19

আপনার মন্তব্য লিখুন