একদিন ভালোবাসা

কবিতা এভাবেই বিষাদে, সংলাপে
একদিন ভালোবাসা

অথচ ভালোবেসে যার সাথে প্রথম পরিচয় 

সে অস্থি-মাংসের কোন নারী ছিল না,  

আমার প্রথম প্রেম ছিল তবিল বন্দি অভাব, 

দু'কূল ছাপানো ভালোবাসার মতো- 

কোন নারী আমার জীবনে প্রথম আসেনি 

আমার প্রথম প্রেম হয়েছিল অভাবের সাথে।


তখনও জানিনি নারীর ভালোবাসা কি? 

জানিনি মনখারাপের সংজ্ঞা-সম্পর্কের অ্যানাগ্রাম,

কিংবা জানতে পারিনি- 

সেপিয়া বিকেলের অ্যালগরিদম কীভাবে লোপাট হয়, 

আমি জেনেছিলাম নুন আনতে পান্তা ফুরনোর গল্প 

বুকের দেউড়িতে অযত্নে পড়ে থাকা ভালোবাসার অরিগামি।


যৌবনের একলা ছাদে যার সাথে অভিসার-   

সে ভিজেমেঘের দুপুরে চিলেকোঠার অতল আহ্বান

শরীরের ক্লিমেটিস ঘ্রাণ কিংবা ঠোঁটের কোমল স্পর্শ নয়, 

প্রথম পরিচয় হয়েছিল বাসের হাতলে ঝুলে থাকা শ্রেণী সংগ্রাম 

জুতোর চামড়ায় শতচ্ছিন্ন থিওরেম আর 

ফ্রেমে সাঁটানো প্রলেতারিয়েত আত্মার সাথে।


অবশেষে ভালোবেসে একদিন যার সাথে পরিচয়-   

সে পুরাণের পাতা থেকে উঠে আসা কোন রমণী নয়,  

রম্ভা, মেনকা কিংবা উর্বশী নয়, তার ছিল-  

আকাশ আঁধার করা চুলের ঘনঘোর অমানিশা, 

তার চিবুকে ছিল স্নিগ্ধ পুকুরের টোল আর 

বেতের বিষন্ন ফলের মতো একজোড়া প্রতারক চোখ।


মহাকালের ঊর্মিমালায় বিপন্ন নারীর কাছে জেনেছিলাম 

'প্রতারণা' ভালোবাসার আরেক নাম, জরায়ুর সহোদরা,

আমি জেনেছিলাম কিছু সম্পর্কের নাম থাকে না,  

তোরঙ্গে লুকনো আবেগ-চুমুর নোনতা স্বাদ-বিমূর্ত স্পর্শ থাকে না, 

কিছু কিছু সম্পর্ক যেন ঝরাপাতার করুণ আর্তনাদ-

বালিশের ভেজা কোণ হয়ে কেবলই ছুঁয়ে থাকে।



পোস্ট ভিউঃ 20

আপনার মন্তব্য লিখুন