যতবার তুমি আমাকে উপেক্ষা করো-
যতবার এড়িয়ে যাও খুদে বার্তা কিংবা ফোন কলে,
ততবার দেখা করবার অদম্য বাসনা
অ্যানজাইনার মতো বুকের পাঁজরে চেপে বসে,
ধ্বংসস্তুপ থেকে উকি দেয়া সবুজ চারাটির মতো
ততবার আমি যেন একটু একটু করে বেড়ে উঠি।
বৃষ্টির প্রথম ফোঁটার পর জেগে ওঠা রেইন লিলির মতো-
ততবার আমি বেড়ে উঠেছি-ভেঙে পড়িনি,
ঘাসের সবুজ বুকে শিশিরের স্বচ্ছ জমাট কণার মতো
সমস্ত কষ্ট বুকে ধারণ করে হয়ে গেছি মহাসিন্ধু-পারাবার,
নানক-জাতক-মহাবীরের মতোন
দুঃখ বঞ্চনা সয়েছি একদিন যীশু হবো বলে!
কতবার বিয়েবাড়ির গেটে অভুক্ত কুকুরের মতোন-
তোমার ঠোঁটের অমন কোমলতার দিকে তাকিয়ে থেকেছি
কফিশপের অস্পৃশ্য আলোয় একটু স্পর্শ পাবো বলে,
কিন্ত বিশ্বাস করো আর দশটা হায়েনা চোখের মতো-
তোমার শরীরের দিকে কখনো তাকাইনি
কাম-মোহ-রিপু ত্যাগ করেছি একদিন সিদ্ধার্থ হবো বলে।
চিবুকের সোনালি কার্নিশ ছুঁয়ে যাওয়া তোমার উন্নাসিক চাহনি-
আমাকে প্রতিবার ক্ষতবিক্ষত করে তবু,
তবুও প্রতিবার তোমার অবজ্ঞা
আমাকে প্রতিবার তোমার কাছে ফিরবার বাহানা দেয়,
আর আমি মেটামরফোসিসের মতো ধীরে ধীরে প্রেমিক হয়ে উঠি
তোমার অবহেলা আমাকে ক্রমাগত প্রেমিক করে তোলে।
পোস্ট ভিউঃ 17