কোলাহল থেমে গেছে

লেখালোক পাঠ প্রতিক্রিয়া
কোলাহল থেমে গেছে

কাব্যগ্রন্থ: কোলাহল থেমে গেছে 

কবি: মাহবুবুর রহমান টুনু 

প্রকাশক: শিখা প্রকাশনী 

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪ 

প্রচ্ছদ: শাহাদত হোসেন


১  

কখনও কাব্যগ্রন্থের রিভিউ করিনি। তার কয়েকটা কারণ আছে, প্রথমত একটা কাব্যগ্রন্থ বা কবিতা রিভিউ করতে যে ‘ইলম’ থাকা দরকার তা আমার নেই। দ্বিতীয়ত কবিতা হলো কবি’র কল্পনার জগত, সে জগতকে অনুভব করার চেষ্টা করতে পারি তবে ছোঁয়ার সাধ্য নেই। তৃতীয়ত আমি নিতান্তই একজন পাঠক, আঁতেল না। সেজন্য পাঠ প্রতিক্রিয়া বা বুক রিভিউ না লিখে আমি বিষয়ের নাম দিলাম পাঠ অভিজ্ঞতা। যেহেতু বিভিন্ন বিচিত্র বিষয়ের পাশাপাশি নিয়মিত কাব্যগ্রন্থ বা কবিতা পাঠ করে থাকি তাই লেখার আনন্দে মাঝেমাঝে কিছু কবিতা পাঠের অভিজ্ঞতা শেয়ার করবো। আমার এই উদ্যোগ একজন পাঠককে কাব্যগ্রন্থ কিনতে প্রভাবিত বা বিভ্রান্ত করার উদ্দেশ্যে না। আমি জানি অনেকেই ট্রাইব ভিত্তিক সমাজের মতো কিছু নির্দিষ্ট সার্কেল, নিজস্ব ঘরানা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের নিরিখে কাব্যগ্রন্থ কিনে থাকেন। আবার কিছু পাঠক আছেন আমার মতো কামলা টাইপের, যারা কোন কিছু না ভেবেই মজিদ মাহমুদের ‘কাব্য সমুচ্চয়’ এর মতো ৮০০ টাকা দামের কবিতার বইও কিনে থাকেন। সম্প্রতি স্বল্প পরিচিত তিনজন কবির তিনটা কাব্যগ্রন্থ পাঠ করেছি, সেসব নিয়ে আমার পাঠ অভিজ্ঞতা শেয়ার করবো।


প্রথমে যে কাব্যগ্রন্থের কথা বলবো সেটা ‘কোলাহল থেমে গেছে’। মাহবুবুর রহমান টুনু’কে অনেকেই জানেন তার আবৃত্তি প্রতিভার কারণে। তিনি একজন তরুণ এবং তুমুল জনপ্রিয় আবৃত্তিশিল্পী, সেভাবেই তাকে জানি। কাব্যগ্রন্থটা পাঠ করার পর তার আরেক প্রতিভার সাথে পরিচিত হলাম, তিনি একজন কবি।  যৌবনের প্রারম্ভ থেকে তিনি কবিতা লেখালেখি এবং আবৃত্তি চর্চা সমান্তরালভাবে চালিয়ে গেছেন। এটি একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ। বইয়ের ৪ ফর্মায় প্রেম,বিরহ, প্রকৃতি, প্রার্থনা, প্রতিবাদসহ বিভিন্ন স্বাদের মোট ৫৫টি কবিতা সন্নিবেশ করা হয়েছে। কবি’র ভাষায় কাব্যগ্রন্থটি কবিসত্ত্বার তাড়নার বহিঃপ্রকাশ। বইটাতে তার জীবনের প্রথম দিকের কবিতা থেকে শুরু করে সাম্প্রতিক কালে লেখা কবিতার সম্মিলন ঘটেছে। কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা আমার ভালো লেগেছে, উদাহরণ হিসেবে বলতে গেলে,


যতখানি হয়ে রই চুপ

ডুব দিই তারও অধিক গভীরে,

বুকের কাঁপনে উচ্চারিত শব্দের পৃষ্ঠে শব্দ,

ক্রমশ নিস্তেজ হয়ে আসা প্রতিধ্বনি, আর-   

ফুরিয়ে আসা নিঃশ্বাস জুড়ে শুধু তুমি।


কিংবা


তোমার কাছে ফিরবো বলে ফেরা হয়নি নিজের কাছে,

আমার সমস্ত দিন হারিয়ে গেছে আমার থেকে,

আমি ফিরেছি সবুজ ঘাসে ও পাতায়

ফিরেছি হাই ইশকুলের খাতায়, 

ফিরে গেছি মঞ্চে ও কবিতায়

আর ফিরেছি তোমার চোখে,

দেখেছি; সেখানেও আমি নেই।


আবার ছোট কিছুকিছু কবিতার লাইন বিরহের বাতাসে যেন ভারী হয়ে আছে। এই যেমন কবি লিখেছেন,


পুরনো বইয়ের তাকে বুক পেতেছি

জমে আছে কথা আর কিছু ভুল,

নিরীহ বুকের ভেতর তোমার শব, আর-

তোমার প্রেম যেন শুকনো বকুল ফুল।


কিংবা


সুযোগ ছিল তোমাকে আমার করে নেবার। আমি তোমাকে সুযোগ দিলাম এবং সময় নিলাম ততদিন অবধি তোমাকে ভালোবাসার, যতদিন অবধি আমার সময় চলে। তুমি সুযোগ নিলে, সময় নিলে না।


আবার কিছু কবিতা একটু যেন আলাদা, এই যেমন,


আমরা ঘন্টা করেছি চুরমার, 

যেমন ঘন্টা করেছি নিজেদের অধিকারের!

নিশ্চুপ তল্লাটে নির্বাক বন্দনা করি আজ-

ধুলো ও গর্তের পৃষ্ঠে ইমারতের! 

এখানে ইট ও পাথরের প্রতিধ্বনিতে-

আমাদের কোলাহল থেমে গেছে।


শিখা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। সূচীপত্রে ত্রুটির দায় প্রকাশকের। সুন্দর প্রচ্ছদ ডিজাইন করেছেন শাহাদত হোসেন। সুন্দর বাঁধাই এবং প্রিন্টের মান ভালো। আমি কবি’র সাফল্য কামনা করছি।


হ্যাপি রিডিং 

শুভ কামনা নিরন্তর। 

সুমন সুবহান।



পোস্ট ভিউঃ 4

আপনার মন্তব্য লিখুন