আমি একদিন

কবিতা তোমার নামে নৌকা ভাসাই
আমি একদিন

আমি একদিন 

সত্যিকরেই শিরীষ হবো,  

সবার আগে-   

আকাশ ছোঁয়ার স্বপ্নটাকে  

দু’হাত ভরে মুঠোয় ধরে 

তোর ঘরের কোণে দাঁড়িয়ে থাকা 

একহারা ঐ শিরীষ হবো।


আমি একদিন 

সত্যিকরেই বৃষ্টি হবো,  

মনের ভিতর-  

ইচ্ছেটাকে গোপন রেখে 

অঝোর ধারার ফোঁটা হয়ে  

অধর ছুঁয়ে তোর গভীরে 

দিক ভ্রান্ত পথিক হবো।


আমি একদিন 

ইচ্ছে করেই জোনাক হবো,  

বুকের জমাট-   

কষ্টচাপা আগুন ঢেলে   

গহীন কালো জগৎ টাকে 

আলোয় ভরে তোর দু’চোখে    

মুগ্ধ চোখের দৃষ্টি হবো।


আমি একদিন 

ইচ্ছে করেই চাতক হবো,  

সবাই যখন-  

মাঝদুপুরে ঘুম কাতুরে 

দুচোখ জুড়ে স্বপ্নে বিভোর    

আমি তখন নীলের সীমায় 

তাকিয়ে থাকা বিন্দু হবো।


আমি একদিন

সত্যিকারের জোছনা হবো,    

আশ্বিন মাসে-  

সাদা মেঘের আকাশটাকে 

সোনা মাখা চাঁদের আলোয়

চুবিয়ে রেখে তোর জানালায়  

কোজাগরী এক জোছনা হবো।


আমি একদিন

সত্যিকারের আমি হবো,  

রাত বিরাতে-  

ভবঘুরে ফটিক চোখে  

তোর বালিশভেজা কষ্ট হয়ে 

বিবাগী মন সুরের খোঁজে

ঘর পালানো যুবক হবো।



পোস্ট ভিউঃ 15

আপনার মন্তব্য লিখুন