ফেলে আসা রাজপথে হেঁটেছি অনেকটা দিন-
হেঁটেছি তোমার সাথে জড়িয়ে থাকা মুহুর্ত মুছে দিতে
প্রতারক সন্ধ্যায় যার শুরুটা এক কফিশপে,
তারপর অসংখ্যবার কতোটা পথ, গলি-তস্যগলি
কথার ছিন্ন টুকরো-কপোলের তিল–মাতাল ধূলিকণা,
পায়ের পুরনো ছাপে যতোটা হাঁটা যায়
পায়ের মাপে ততোটা হেঁটে, ততোবার!
কমলা রোদের ক্যানভাসে আধপোড়া স্মৃতি-
স্প্যারোতে কাটানো বিকেল, চামচের নিমগ্ন টুংটাং
মুখোমুখি বসে থাকা নিশ্চুপ ঘোরলাগা প্রহর,
চিবুকের টোলে লুণ্ঠিত আবেগ
সিগারেটের কুণ্ডুলীতে মিশে গেছে নক্ষত্র পানে,
চৈত্রের দাবদাহে পোড় খাওয়া অনুভূতি আর
বডিব্যাগে ছিল অবশিষ্ট দু’ফোঁটা মুগ্ধতা!
মে ফ্লাই-এর মতোন ভুলে গেছি-
ডমিনাস পিজ্জায় কাটানো একখণ্ড দুপুর
মিথ্যের রেকাবিতে সাজানো বেহাত ভালোবাসা,
আমি জেনে গেছি নাগরিক মুখের ভিড়ে
বেসাতি করে যারা ঠিক তাদের মতো,
তুমিও অবিকল তাদের মতো
আলাদা কেউ নও!
করোটির নিকষ আঁধারে যা কিছু স্মৃতি-
আর অলিখিত ব্যবচ্ছেদে যতোটা অবশিষ্ট
যতোটা অনুভূতি ছিল অবশিষ্ট লাশকাটা ঘরে,
তার খানিকটা যেন আকণ্ঠ ঢেলে নিলাম
অ্যাকোনিটাম নেপেলাস পান করে লিখে দিলাম,
একটা কাব্যগ্রন্থ ভালোবাসার নামে
উৎসর্গ করেছিলাম।
পোস্ট ভিউঃ 17