আর দেখা হবে না

কবিতা জলের কাছে যাবো
আর দেখা হবে না

আমাদের দেখা হয়না, কতোটা মাস-বছর 

ঝকঝকে কাঁচের শহরের কেউ জানে না 

জানে শুধু গলির মুখে দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্ট

শিরীষ গাছের সারি,

তারা জানে কি করে পড়ন্ত বিকেলের ছায়া-

এক পা দু পা করে মাড়িয়ে আমরা এগিয়ে যেতাম

পিছনে পড়ে থাকতো গল্পের ফুলঝুড়ি।


পার্কের বেঞ্চটাতে বসা হয়নি কতোদিন

সেখানে হয়তো ধুলোর চাদরে-

সংসার পেতেছে নতুন কোন মুখ,

বাদাম বিক্রেতা ছেলেটা হয়তো

আজো আমাদের অপেক্ষায় থাকে-

হয়তো নতুন কোন গল্প বুনে বসে থাকে

তার জীবনের গল্প শোনা হয়না অনেকদিন।


তোমার পাড়ার গলি হয়তো এখন ভরে থাকে 

অন্য কোন জুটির পদচারণায়- 

আমাদের পায়ের মাপে তারা হেঁটে যায়

নিকোটিনের ঘ্রাণ-ভস্ম মেখে তারাও বচসা করে, 

ফাগুনের ডোপামিন ভুরভুর দিনে 

তোমার বাড়ির ছাদে আজো সন্ধ্যে নামে 

হয়তো অন্য কারো প্রত্যাশায়।


সেই কফি শপটাতে আর যাওয়া হয়নি 

হয়তো আর কখনো যাওয়া হবেনা- 

বেরোবার পথ আগলে রাখা লোকটাও 

হাসিমুখে আর বলবেনা, আবার আসবেন, 

আলো-আঁধারির চেয়ার-টেবিল, বসার প্রিয় কোণটা 

হয়তো দখল করেছে আজ নতুন কোন জুটি

যেখানে একদিন আমরাও ছিলাম।


টেবিলের ফুলদানী-টিসুবক্স-মেনু কার্ড স্বাক্ষী 

আমাদের আবেগঘন মুহুর্তের, আমাদের স্পর্শের, 

ঝাঁকড়া চুলের যে ছেলেটা খাবারের অর্ডার নিতো 

হয়তো আজো সে অপেক্ষা করে প্রতিটা ছুটির দিনে, 

সে হয়তো জানবেও না, সময়ের হাত ধরে- 

আমরা এখন বিপরীত মেরুর যাত্রী  

আমাদের আর দেখা হবে না, আমাদের দেখা হতে নেই।



পোস্ট ভিউঃ 5

আপনার মন্তব্য লিখুন